
দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হওয়ায় পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। ৪ তারিখ এই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। আর তার প্রভাব কি বাংলায় পড়বে? তা নিয়ে তৈরি আশঙ্কা সাধারণ মানুষের মনে।
যদিও এর প্রভাব বাংলায় পড়বে কি না তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই বিষয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণ আন্দামান সাগরের উপর ৪ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় যা নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেই নিম্নচাপ শক্তিশালী হতে পারে। গোটা বিষয়টার উপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন : কলকাতায় আগের গরমের রেকর্ড ছুঁতেই পারেনি এপ্রিল!
এদিকে এই বিষয়ে অনেকটাই স্পষ্ট ইঙ্গিত দিয়েছে REGIONAL SPECIALISED METEOROLOGICAL CENTRE-TROPICAL CYCLONES। তাদের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে হতে পারে নিম্নচাপও। ৬ তারিখ নাগাদ এই নিম্নচাপ শক্তি বাড়াতে পারে। আসলে কী হতে চলেছে তা আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও ভালোভাবে বোঝা যাবে।'
কোন কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে? সেই বিষয়ে REGIONAL SPECIALISED METEOROLOGICAL CENTRE-এর তরফে জানানো হয়েছে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ মেঘ দেখা যেতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের পাশ্ববর্তী এলাকায়। এছাড়াও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে হাল্কা বৃষ্টিপাত হতে পারে।