
সপ্তাহের প্রথম দিন সোমবার ফের ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও তারপরও ভ্যাপসা গরম কাটবে না বললেই চলে। বঙ্গোপসাগরের উত্তর ও পশ্চিমাংশে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি হবে। তাই ৩১ অগাস্ট ঘর থেকে বেরনোর আগে অবশ্যই সতর্ক থাকুন।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ দফায় দফায় বৃষ্টি হবে কলকাতায়। কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। বরং আইএমডি জানিয়েছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের দাপট দেখা যেতে পারে। শুধু তাই নয়, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ও বয়ে যেতে পারে।
যদিও আজ ভ্যাপসা গরম থাকবে। খুব একটা অস্বস্তি কমবে না। বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের জেরেই এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বোচ্চ প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা দেখানো হয়েছে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
এছাড়া হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় বেশ ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে।
আজ সমুদ্র উত্তাল থাকতে পারে। যার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের মতোই রাজ্যের উত্তরভাগের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ভিজতে পারে। এছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যাঁর এখন উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন, সঙ্গে অবশ্যই রাখুন ছাতা। নইলে সমস্যা বাড়বে বই কমবে না।
তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরের জেলাগুলিতে খুব একটা ভ্যাপসা গরম থাকবে না। বরং আবহাওয়া থাকবে মনোরম। বিশেষত, পাহাড়ের দিকে তাপমাত্রা বেজায় আরামদায়ক থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস।