
যাই যাই বলেও থেকে যাচ্ছে শীত। আপাতত আগামী কয়েকদিনও শহর কলকাতা-সহ রাজ্যজুড়ে থাকবে ঠান্ডার আমেজ। অন্তত আবহওয়া দফতরের পূর্বাভাস তেমনই। শনি-রবিবারই শহর কলকাতায় ১-২ ডিগ্রি নীচে নামতে পারে তাপমাত্রা। বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রির আশেপাশে। পূর্বাভাস অনুযায়ী, আগামী দু'দিনের মধ্যেই ১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে পারদ।
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৭ দিন রাজ্যের সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তাপমাত্রা ২ ডিগ্রি নামার পর ওই সর্বনিম্ন পারদ আগামী বেশ কয়েকদিন বজায় থাকতে পারে। ফলে শহর কলকাতায় শীতের সেকেন্ড ইনিংস চলবে দুর্দান্ত ভাবেই।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গতকাল কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৭ ডিগ্রির আশেপাশে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কল্যাণী ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০.৩ ডিগ্রি ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি।
আগামী চার থেকে চার দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে।
অন্যদিকে দাবি করা হচ্ছে, আগামী রবিবার ৮ ফেব্রুয়ারি আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। উত্তর-পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের মাঝে এর অবস্থান। এসবের প্রভাবেই দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।