
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নিম্নচাপ। আরও প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
লেটেস্ট ওয়েদার বুলেটিন অনুযায়ী, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ঊর্ধ্বে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার একটি নিম্নচাপ তৈরি হবে।
এদিকে, মৌসুমী বায়ু গঙ্গাসাগরের উপর দিয়ে বয়ে দিল্লি, হরিমপুর, রাঁচি, দিঘা দিয়ে বিস্তৃত হয়েছে। এই ওয়েদার সিস্টেমের কারণে শনি এবং রবিবার রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কোন কোন জেলায় সতর্কতা?
শুক্রবার কমলা সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। অতিভারী বৃষ্টি চলবে এই জেলাগুলিতে। ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা।
শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে। জার হলুদ সতর্কতা।
রবিবার বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। জারি হলুদ সতর্কতা। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
সোমবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে মঙ্গল থেকে বৃহস্পতি পর্যন্ত ফের হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাতে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি শনি থেকে সোমবার পর্যন্ত। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং,কোচবিহার, কালিম্পঙে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে।