
উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। তবে দক্ষিণ থেকে এখনও সে দূরেই। যদিও বুধবার বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভালই বৃষ্টি হয়েছে। সঙ্গে বয়ে গিয়েছে ঝড়। তাতে অবশ্য কিছুটা স্বস্তি মিলেছে। তবে ভ্যাপসা গরম থেকে পুরোপুরি নিস্তার মেলেনি। তাই অনেকেরই প্রশ্ন, বৃহস্পতিবার কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? উত্তরে বর্ষার কী হাল? সেখানে কি ভারী বৃষ্টি হবে? আর সেই উত্তরটা দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়ে দিয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর ও দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা তৈরি হয়েছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে বিস্তৃত। এছাড়া উত্তরপ্রদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এর প্রভাবেই মূলত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দাপট দেখা যতে পারে। কিন্তু মাঝে মাঝে আকাশে ভেসে বেড়াতে পারে মেঘ। তবে বিকেলের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও। পাশাপাশি এই সব জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। এক্ষেত্রে ৭০ থেকে ৮০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে। তাই আজ বিকেলে অবশ্যই ঝড়বৃষ্টি নিয়ে সাবধান থাকুন। ওই সময় ঘরের ভিতরে থাকার চেষ্টা করুন।
যদিও এই বৃষ্টির জন্য তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং এখনও কিছুদিন ভ্যাপসা গরম বিরক্ত করতে। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি অবশ্যই মিলবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে বর্ষা। যার ফলে সেখানে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই মতো জারি করা হয়েছে সতর্কতা। আজ, বৃহস্পতিবার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেড়ে ঝড় বয়ে যাওয়ার একটা সম্ভাবনাও প্রবল। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে।