
শীত উধাও হয়ে ভ্যাপসা গরম শুরু হয়েছে রাজ্যজুড়ে। ফেব্রুয়ারির শেষের দিকে যেন গলদঘর্ম পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। তবে তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কবে কোন কোন জেলায় বৃষ্টি হবে?
IMD-র ওয়েদার বুলেটিন বলছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। যার নেপথ্যে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। অসমের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রে তৈরি নিম্নচাপের জলীয় বাষ্পকে নিজের দিকে টানছে। এর প্রভাবেও আজ, সোমবার এবং কাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসঙ্গে আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে বৃষ্টি হলেও নতুন করে ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনাই আর নেই।
রবিবার পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং ছিল সবচেয়ে শীতলতম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
ফেব্রুয়ারি শেষ হওয়ার সপ্তাহ খানেক আগে যে ভাবে দক্ষিণবঙ্গে রাত ও দিনের তাপমাত্রা বাড়ছে, তাতে আগামী দিনে তীব্র গরম পড়তে চলেছে বলেই আশঙ্কা সকলের। আবহবিদরা জানাচ্ছেন, দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে।