Advertisement

Low Pressure In Bay Of Bengal: শক্তিশালী নিম্নচাপ ঘিরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ঠান্ডার আমেজ সপ্তাহান্তেই, দুর্যোগ কি হবে?

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। রবিবার নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে? এ দিকে, সপ্তাহান্তেই ঠান্ডা আমেজ পড়তে চলেছে বাংলায় জুড়ে।

বঙ্গোপসাগরে নিম্নচাপবঙ্গোপসাগরে নিম্নচাপ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 10:59 AM IST
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ
  • শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে
  • সপ্তাহান্তেই ঠান্ডা আমেজ পড়তে চলেছে বাংলায় জুড়ে

একদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর অন্যদিকে, উত্তর ভারতের বেশ কিছু এলাকায় নতুন করে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পরিস্থিতি। তবে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শীতের দেখা মিলবে কবে? 

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, শক্তি বাড়ানোর সম্ভাবনা
আবহাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে চলেছে বঙ্গোপসাগরে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। রবিবার নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ, ঘনঘন বিদ্যুতের ঝলকানি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন, নিম্নচাপ শক্তিশালী হলে তৈরি হতে পারে নয়া ঘূর্ণিঝড়। প্রাথমিক পূর্বাভাস সত্যি হলে, মাত্র ১৮ দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়। যার নাম রাখা হয়েছে 'আখবান'। নাম দিয়েছে ইরান। তবে 'অর্ণব' এবং 'মুরাসু'-র তুলনায় এর শক্তি অনেকটাই কম হতে পারে। 

উত্তর ভারত জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস
দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ-সহ উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতের অধিকাংশ এলাকায় শুক্রবার মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে দেশের রাজধানী দিল্লিতে রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের আমেজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ দিন জম্মু-কাশ্মীর, লাদাখ এবং সংলগ্ন এলাকায় বেশ বিস্তৃত অঞ্চলজুড়ে বৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু জায়গায় বিক্ষিপ্ত থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্জাবের কয়েকটি এলাকাতেও হালকা বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, জম্মু-কাশ্মীর ও সংলগ্ন অঞ্চলের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হিমাচল প্রদেশের কিছু জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে IMD।

Advertisement

কবে থেকে শীতের আমেজ?
এখনই গোটা দেশে একসঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তবে  শুক্রবার থেকেই রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। আগামী সোমবারের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আপাতত গোটা রাজ্যেই শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে।

অন্যদিকে, দিল্লির আবহাওয়ায় আগামী কয়েক দিনে কিছু পরিবর্তন আসতে পারে। IMD জানিয়েছে, ১৩ ও ১৪ নভেম্বর রাজধানীর রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ১৫ নভেম্বর তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে স্বস্তির খবর, সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দিল্লি ও সংলগ্ন এলাকায় ফের ঠান্ডা বাড়তে পারে। ১৬ থেকে ১৯ নভেম্বরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে দিল্লি ও আশপাশের এলাকায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে। ধীরে ধীরে শীতের মরশুম শুরু হওয়ার ইঙ্গিত মিলছে আবহাওয়ার এই পরিবর্তনে।

 

Read more!
Advertisement
Advertisement