
দেশে পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে। আর সেই দাম বাড়ার কারণ নিয়েই সাফাই দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, 'দেশ এখন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে যুদ্ধ চলছে। প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা। এই সময় মানুষকেও তো একটু সহযোগিতা করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে।'
আসলে একটা সময় রাজ্য বিজেপি দাবি করত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হলে তেলের উপর সেস কিছুটা কমানো হবে। যার ফলে তেলের দাম বাড়বে না। কিন্তু বাস্তবে ঘটনাটা একবারে উল্টো ঘটছে বলেই অভিযোগ করছে রাজ্যের বিরোধী দলগুলি। তাদের দাবি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। কিন্তু তারপর তেলের দাম বাড়তেই থেকেছে। এই মে মাসেই তেলের দাম মোটামুটি ৪ টাকার মতো বেড়ে গিয়েছে। তারপরই নতুন সরকারকে পুরনো কথা মনে করিয়ে দিয়ে কটাক্ষ করছে বিরোধী দলগুলি।
আর এমন পরিস্থিতিতে বাংলার সরকারের হয়ে ব্যাট ধরেছেন অগ্নিমিত্রা। মন্ত্রী বলেন, 'এই বিষয়টায় আমরা যেমন বলেছি, আমাদের সরকার এখন ডাবল ইঞ্জিনের সরকার। আমরা বিষয়টি দেখেও নেব। কিন্তু এই মুহূর্তে যেখানে তেল, জ্বালানি নিয়ে এত সঙ্কটের মধ্যে দিয়ে সারা পৃথিবী যাচ্ছে। সেখানে একটু সময়ের জন্য মানুষকে ধৈর্য ধরতে হবে।'
মাথায় রাখতে হবে, ১৫ মে পেট্রোলের দাম লিটারে ৩ টাকা ২৯ পয়সা এবং ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়ানো হয়েছিল। তারপর আবার ১৯ মে বাড়ানো হয় দাম। সেই দিন ৮৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮৩ পয়সা। আর আজ কলকাতায় পেট্রোলের দাম ১০৯.৬৬ টাকা। আর ডিজেলের দাম রয়েছে লিটারে ৯৬.০৭ টাকা। আর তেলের দাম বাড়তেই পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। তারা সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। যদিও এমন পরিস্থিতিতে অগ্নিমিত্রা জানিয়ে দিলেন, একটু অ্যাডজাস্ট করতেই হবে।
বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে
মাথায় রাখতে হবে মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। ইরান-আমেরিকার বিবাদ চলছেই। এমন পরিস্থিতিতে কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। যার ফলে বিশ্ববাজারে তেল এবং গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। দাম বাড়ছে তেল এবং গ্যাসের। তার প্রভাব ভারতেও রয়েছে। এই কারণেই দাম বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ওদিকে আবার একাধিক বিশেষজ্ঞ পূর্বাভাস দিয়েছেন, তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে।
মাথায় রাখতে হবে, তেলের দাম বাড়লে তার প্রভাব সবক্ষেত্রেই পড়তে পারে। হতে পারে মুদ্রাস্ফীতি। যার ফলে বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে।