
দিনটা ছিল ২৮ জুলাই, ২০২৫। প্ল্যাটফর্মের পিলারে দেখা গিয়েছিল বড়সড় ফাটল। আর তাই বছর খানেক আগে বন্ধ হয়ে যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনের প্রান্তিক স্টেশন, কবি সুভাষ। তারপর থেকে শুরু হয় সংস্কারের কাজ। যা এখনও অব্যাহত। গত এক বছর ধরে কবি সুভাষের বদলে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে হচ্ছে প্রান্তিক স্টেশন চত্বরের নিত্যযাত্রীদের। এই ভোগান্তি কবে শেষ হবে? কবে খুলতে পারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কবি সুভাষ মেট্রো স্টেশন?
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ৮-৯ মাস লাগবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজের জন্য। কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। নয়া রূপে স্টেশনের নকশা তৈরির কাজ ইতিমধ্যেই চলতি বছরের শুরুতে সম্পন্ন হয়ে গিয়েছে। নিউ গড়িয়ার এই স্টেশনে দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্ম নির্মাণের কাজও চলছে।
মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরও ৯ থেকে ১০ মাস সময় লাগবে কবি সুভাষ থেকে পুনরায় ট্রেন পরিষেবা শুরু করতে। অর্থাৎ ২০২৭ সালের এপ্রিল বা মে মাসের আগে কোনও মতেই ব্লু লাইনের এই প্রান্তিক মেট্রো স্টেশন চালু হচ্ছে না, তা সহজেই অনুমেয়।
জানা গিয়েছে, দক্ষিণেশ্বরমুখী নয়া প্ল্য়াটফর্মটি নির্মাণের জন্য ৮০টি গভীর পাইলের মধ্যে মাত্র ৩টির কাজ এখনও পর্যন্ত শেষ হয়েছে। বর্ষার কারণে কাজের গতি স্লথ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হওয়া প্ল্যাটফর্মটির কাজ চলছে। একইসঙ্গে কাজ চলছে ছাউনি ও রেললাইন খুলে ফেলার কাজও।
কবি সুভাষের পুরনো চেহারা সম্পূর্ণ বদলে যাবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে নয়া চেহারা প্রকাশ্যে আসতে এখনও বেশ খানিকটা সময় লেগে যাবে বলেই জানানো হচ্ছে।
ফলে এখনও সামনের বছরের এপ্রিল-মে মাস পর্যন্ত যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। কবি সুভাষ স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য যাত্রীদের সমস্যা খানিকটা কমাতে শহিদ ক্ষুদিরাম স্টেশনের পাশে নতুন অটোস্ট্যান্ডও তৈরি করা হয়েছে। ২ বার অটো বদলে নিউ গড়িয়া যেতে হয় মেট্রোর যাত্রীদের।
অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে ইতিমধ্যেই মেট্রো ঘোরানোর বন্দোবস্ত হয়ে গিয়েছে। ট্রেনের গতি বাড়াতেই এই ব্যবস্থা। কিন্তু চলতি বছর পুজোর আগে কবি সুভাষ থেকে মেট্রো চালু হওয়ার কোনও আশা নেই বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। ফলে আপাতত ব্লু লাইনের টার্মিনাস স্টেশন থাকছে শহিদ ক্ষুদিরামই।