
রাত্যেই স্থলভগে ঢুকে পড়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ। সকাল ৫.৩০ নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর অবস্থান করছে এই নিম্নচাপ। যার ফলে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যেই কারণে একাধিক জেলায় অ্যালার্ট জারি করা হয়েছে। সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।
এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, ঠিক কবে দুর্বল হবে এই নিম্নচাপ? ঝড়বৃষ্টি থেকে মুক্তি মিলবে কবে? আসুন জেনে নেওয়া যাক আবহাওয়ার লেটেস্ট আপডেট।
গভীর নিম্নচাপের কী খবর?
আবহাওয়া দফতর (আইএমডি) সকাল ৫.৩০ মিনিটের লেটেস্ট আপডেটে জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থান করা গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। ২৩ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১টার মধ্যে এটি গভীর নিম্নচাপ হিসেবেই কালিঙ্গপটনমের দক্ষিণ-পশ্চিমে উপকূল অতিক্রম করেছে। সেই সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার।
এরপর সিস্টেমটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে শুরু করেছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৫টা ৩০ মিনিটে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর এটি অবস্থান করছে। এটি অন্ধ্রপ্রদেশের কালিঙ্গপটনম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
কবে শক্তি হারাবে নিম্নচাপ?
এই বিষয়টাও স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। এই সময় এর শক্তি ভালই থাকবে। এটি গভীর নিম্নচাপ হিসেবেই সক্রিয় থাকবে।
এরপরের ২৪ ঘণ্টায় এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারপর ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে গভীর নিম্নচাপটি। যার ফলে দুর্যোগ কিছুটা কমতে পারে।
কতদিন চলবে বৃষ্টি?
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে দুর্যোগ কেটে যেতে পারে। এক্ষেত্রে দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝড়। এছাড়া কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান ও হাওড়াতে ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবারও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ওই দিন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতির আশা রয়েছে।
উত্তরবঙ্গে কী হবে?
নিম্নচাপের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। সেখানকার একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজাপুরে মাঝারি থেকে ভারী হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়তে পারে। ওই দিন থেকে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। যদিও শনিবার থেকে বদলে যেতে পারে আবহাওয়া।