
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ভিজল পশ্চিমবঙ্গের একাধিক জেলা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বর্ষণ হয়েছে। কলকাতা সহ বহু জেলায় বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সাক্ষী থেকেছে। আর বিশ্বকর্মা পুজোর দিন, অর্থাৎ শুক্রবারও (১৮ সেপ্টেম্বরও) ভালই বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ঠিক কবে বৃষ্টি থেকে মিলবে মুক্তি? আর সেই উত্তরটাও দিয়েছে আবহাওয়া দফতর। জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।
কেন বৃষ্টি হচ্ছে?
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সময় কেন এত বৃষ্টি হবে, সেটাও জানিয়েছে হাওয়া অফিস।
তাদের দাবি, একটি মৌসুমি অক্ষরেখা উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত। এই কারণেই জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই।
শুক্রবার কী দক্ষিণবঙ্গে হবে?
১৮ সেপ্টেম্বর কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা থাকবে আকাশ। এদিন মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই দিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভালই বৃষ্টি হতে পারে। যেই কারণে, শুক্রবারে বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
যদিও শনিবার থেকে কমবে বৃষ্টির প্রবণতা। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়। ওদিকে রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হবে। ওই দিন এই ৬ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গে কী হবে?
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ১৮ সেপ্টেম্বর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কবে কমবে বৃষ্টি?
উত্তরবঙ্গে শনিবার, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার থেকে বৃষ্টি থামতে পারে। ২১ সেপ্টেম্বর থেকেই বৃষ্টি থেকে রেহাই পেতে পারেব দক্ষিণবঙ্গবাসী। তাই এই কয়েকটা দিন একটু সঙ্গে রাখুন ছাতা বা রেনকোট। তাহলেই বৃষ্টির থেকে বাঁচতে পারবেন।