
গ্রেফতার রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। ম্যাসআর্ট সোসাইটি নামে একটি সংস্থাকে ঘিরে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে ইডি এবং কলকাতা পুলিশ। ওই সংস্থার সঙ্গে ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের যোগ ছিল বলে অভিযোগ। ইডির প্রাথমিক অনুমান, আর্থিক অনিয়মের অঙ্ক ৫০ থেকে ৬০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সিঙ্গুরে খামারবাড়ি বানিয়েছেন ইন্দ্রনীল। ঠিক কত কোটি টাকার মালিক প্রাক্তন মন্ত্রী? পড়াশুনোই বা কতদূর?
আগের তৃণমূল কংগ্রেস সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক অনুষ্ঠানে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। বাম জমানাতেও তৎকালীন শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন। রাজ্যে পালাবদলের পর ২০১২ সালে তৃণমূলে যোগ। ২০১৪ সালের লোকসভা ভোটে বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেন মমতা। হারেন ইন্দ্রনীল। ২০১৬ সালে প্রথমবার চন্দননগর থেকে বিধায়ক হন। ২০২১ সালে ফের জয়। ২০২৬ সালে ভরাডুবি।
ইন্দ্রনীলের শিক্ষাগত যোগ্যতা
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ১৯৮১ সালে পাঠভবন থেকে মাধ্যমিক পাশ করেন ইন্দ্রনীল সেন। ১৯৮৩ সালে নিউ আলিপুর মাল্টিপার্পাস স্কুল থেকে উচ্চমাধ্যমিক। ১৯৮৬ সালে চেন্নাইয়ের হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে এয়ারক্যাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
কত কোটির মালিক
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ইন্দ্রনীল সেনের মোট সম্পত্তি ১০.৮০ কোটি টাকা। ধারদেনা ৪.৫৬ কোটি। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪০.৮৮ কোটি লাখ। আর স্ত্রী মধুছন্দার আয় ১৪.৯১ লাখ। দুজনের মিলিত আয় ৫৫.৮০ লক্ষ টাকা।
গাড়ি ও সোনাদানা
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ইন্দ্রনীল সেনের রয়েছে টয়োটা ইনোভা। যার বাজারমূল্য ৪৭ হাজার টাকা। একটি হন্ডা সিটি। বাজারমূল্য ২ লাখ ৩৮
টাকা। ইন্দ্রনীলের কাছে আছে ৩২ গ্রাম সোনার গয়না। যার দাম ৪ লক্ষ ১৭ হাজার টাকা। আর স্ত্রীর রয়েছে ৭৫ গ্রাম সোনা। দাম ৯ লক্ষ ৭৯ হাজার টাকা।
ঘরবাড়ি
সিঙ্গুরে মোহর নামে একটি বাগান বাড়ি রয়েছে ইন্দ্রনীলের স্ত্রীর নামে। যার মোট এলাকা ৩০৬৭ বর্গফুট। বাজারমূল্য ২৯ লক্ষ ১৩ হাজার টাকা। বানানোর খরচ পড়েছিল ৪৭ লাখ ৮২ হাজার টাকা। ইন্দ্রনীলের দুটি আবাস রয়েছে কলকাতার হিন্দুস্তান পার্ক ও কসবায়। প্রথমটি ১২৪৮ বর্গফুট। বর্তমান বাজারমূল্য এক কোটি টাকা। দ্বিতীয়টি ৬০৫০ বর্গফুটের। বাজারমূল্য ৮১ লক্ষ ৩৫ হাজার টাকা।