Advertisement

RG Kar Case: নারায়ণ স্বরূপ নিগম এখনও কেন স্বাস্থ্য সচিব? শুভেন্দুকে প্রশ্ন MLA রত্নার, তারপর...

Suvendu Adhikari: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি অনুষ্ঠানে মঞ্চ থেকে বড়সড় অভিযোগ তুললেন রত্না দেবনাথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি স্বাস্থ্য সচিবকে নিয়ে প্রশ্ন করলেন তিনি।

শুভেন্দুকে সরাসরি প্রশ্ন রত্না দেবীর, কী বললেন মুখ্যমন্ত্রী?শুভেন্দুকে সরাসরি প্রশ্ন রত্না দেবীর, কী বললেন মুখ্যমন্ত্রী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2026,
  • अपडेटेड 3:23 PM IST
  • শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, ন্যায় বিচার হবেই।
  • তৎকালীন স্বাস্থ্যসচিব পদে থাকা নারায়ণ স্বরূপ নিগম আজও রয়ে গিয়েছেন একই পদে।
  • গুরুতর অভিযোগ তুলে সরব হলেন নির্যাতিতা নিহত চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।

আর জি কর-এর ঘটনায় ন্যায় বিচার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারেবারে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, ন্যায় বিচার হবেই। সেই দিকে পদক্ষেপ নিয়ে, ইতিমধ্যেই একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের বদলিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তৎকালীন স্বাস্থ্যসচিব পদে থাকা নারায়ণ স্বরূপ নিগম আজও রয়ে গিয়েছেন একই পদে। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব হলেন নির্যাতিতা নিহত চিকিৎসকের মা তথা  পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। 

আজ, শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজন করা হয়েছিল নবম 'মেডিভিশন ন্যাশনাল কনভেনশন'-এর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পানিহাটির বিধায়িকাও।  মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে মঞ্চ থেকে রত্না দেবনাথ সরাসরি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

পানিহাটির বিজেপি বিধায়ক নিজের অভিযোগে বলেন, "আমার মেয়েকে যেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘর এবং সংলগ্ন শৌচালয়ের দেওয়াল রাতারাতি কার নির্দেশে ভেঙে দিয়ে সংস্কার করা হল? যে স্বাস্থ্যসচিব এই নির্দেশের নেপথ্যে ছিলেন, তিনি এখনও কীভাবে বহাল তবিয়তে নিজের পদে বসে রয়েছে। এরাই যদি চেয়ারে বসে থাকেন, তবে সাধারণ মানুষ কীভাবে বিচার পাবে? আমার মেয়ে সঠিক বিচার পেলে তবেই স্বাস্থ্যদপ্তর দুর্নীতির হাত থেকে মুক্ত হবে।"

এই অভিযোগ শোনার পরেই তৎক্ষণাৎ পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানান, অভিযোগ খতিয়ে দেখার পর তা সত্যি প্রমাণিত হলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, " বিষয়টির সত্যাসত্য আমি নিজে খতিয়ে দেখছি। আমি কথা দিচ্ছি, অভিযোগের সত্যতা মিললেই নারায়ণস্বরূপ নিগমকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।"

তবে মুখ্যমন্ত্রীর ঘটনার ব্যাখ্যা দিয়ে জানান, এই কাজে পূর্ত দফতরের কাজের‌ও তদন্ত করা হবে। কারণ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশ এসে থাকলেও ভাঙার ও সংস্কারের কাজে হাত দিয়েছিল পূর্ত দফতর। ফলে পূর্ত দফতরের ভূমিকাও খতিয়ে দেখা হবে।  কার নির্দেশে এই কাজ হয়েছিল, তা খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement