
গত ৩ দিন ধরে বৃষ্টি আর স্যাঁতস্যাতে আবহাওয়া পেয়েছে দক্ষিণবঙ্গ। মেঘলা আকাশ কাটিয়ে সোমবার সকাল থেকেই রোদ উঠতে শুরু করেছে। এ বার কি তবে ঠান্ডা পড়তে শুরু করবে? শীতপ্রেমীদের কৌতুহল বাড়ছে।
সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সপ্তাহেই দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোন জেলায় কত তাপমাত্রা নামবে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই পুরুলিয়া ও বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৫ ডিগ্রিতে। কলকাতায় মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বর্তমানে কলকাতার রাতের তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও শুক্রবারের মধ্যে তা কমে যাবে বলেই পূর্বাভাস।
ভোরের দিকে উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ফাঁকা এলাকায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর পরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা।
অন্যদিকে, সোমবার দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা
পারদ পতন খুব বেশিদিন উপভোগ করা যাবে না বলেই পূর্বাভাস। কারণ হাওয়া অফিস জানাচ্ছে, নভেম্বরের শেষেই ফের বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হবে। ঘূর্ণিঝড়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।