Advertisement

বান্ধবীকে লাগাতার ধর্ষণের পর একাধিক কামড়, যাদবপুরে ধৃত যুবক

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, এর আগেও একাধিক তরুণীর সঙ্গে একই ধরনের আচরণ করেছে অভিযুক্ত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 11:10 AM IST
  • প্রেমের সম্পর্কের আড়ালে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
  • বান্ধবীকে ধর্ষণের পর তাঁর শরীরের একাধিক জায়গায় কামড়ে ক্ষত তৈরি করার অভিযোগে অভিযুক্ত প্রিয়দর্শী রায়কে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ।

প্রেমের সম্পর্কের আড়ালে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বান্ধবীকে ধর্ষণের পর তাঁর শরীরের একাধিক জায়গায় কামড়ে ক্ষত তৈরি করার অভিযোগে অভিযুক্ত প্রিয়দর্শী রায়কে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও তরুণী একই এলাকায় বসবাস করতেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সূত্রে যুবক প্রায়ই তরুণীর বাড়িতে যাতায়াত করত। একসঙ্গে বাইরে ঘুরতেও যেত তারা। তবে তরুণীর অভিযোগ, এই সম্পর্কের সুযোগ নিয়ে তাঁকে বারবার জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করত প্রিয়দর্শী।

অভিযোগ আরও গুরুতর, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি গোপনে ক্যামেরাবন্দি করে রাখত অভিযুক্ত এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার ধর্ষণ করত। তরুণীর দাবি, প্রতিবারই নির্যাতনের পর তাঁর শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দিত ওই যুবক, যার ফলে তিনি শারীরিকভাবে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি চরমে পৌঁছায়। অভিযোগ, সেদিন প্রিয়দর্শী তরুণীর বাড়িতে গিয়ে প্রথমে বচসায় জড়ায়, তারপর জোর করে ধর্ষণ করে এবং মারধর করে। সেই সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দেয়, ফলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তরুণী।

পরে তিনি যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, এর আগেও একাধিক তরুণীর সঙ্গে একই ধরনের আচরণ করেছে অভিযুক্ত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

 

Read more!
Advertisement
Advertisement