বাগেশ্বর বাবার দুর্গাপুজোয় আমিষ না খাওয়ার নিদান সমর্থন করলেন না রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মতে, বাঙালি দুর্গাপুজোর সময়ে কী খাবে তা কোনও সাধু-সন্ত বলতে ঠিক করে দিতে পারেন না। তিনি সোমবার একটি সাংবাদিক সম্মেলনে বলেন, 'বাঙালি অষ্টমীর দিন লুচি খাবে, নবমীর দিন কচি পাঁঠার মাংস খাবে।' এদিন রাজ্য BJP এর সভাপতি স্পষ্ট করেন, পশ্চিমবঙ্গের কোথাও কে কী খাবে, কে কী পরবে তা নিয়ে BJP-র কোনও বক্তব্য নেই। যাঁর ধুতি পরার ইচ্ছে সে ধুতি পরবে, যার লুঙ্গি পরার ইচ্ছে সে লুঙ্গি পরবে। শমীকের কথায়, 'কাউকে নিরামিষাশী হওয়ার উপদেশ দেওয়ার মধ্যে কোনও অন্যায় বা পাপ নেই। BJP বা অন্য কোনও সন্ত নয়, চিকিৎসকরাও এই উপদেশ দেন আজকাল। কিন্তু আপনি আপনার বাড়িতে কি খাবেন সেটা BJP বা কোনও সন্ত ঠিক করে দেবে না। আরে বাঙালি মাছ খাবে না? মাংস খাবে না?'একইসঙ্গে শমীক জানিয়েছেন তিনি 'পাষণ্ড' শব্দটিকে সমর্থন করছেন না। তিনি বলেন, 'কোন সাধু, কোন মৌলবী কী বলবে আমাদের কোনও লেনাদেনা নেই। আমাদের রীতিতে আছে, পুজো আসছে আমরা অষ্টমীর দিন লুচি খাই, নবমীর দিন কচি পাঁঠা খাই, তাই খাব।'