৮ ইন্টার্নকে শোকজের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভে অশান্ত কলকাতা মেডিক্যাল কলেজ। এই ঘটনার নেপথ্যে বামেদের দায়ী করেছেন তিনি। প্রয়োজন পড়লে কয়েক সেকেন্ডেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বলেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, 'আমার সাথে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে , পরিস্থিতির ওপর নজর রেখেছি। অধ্যক্ষ যা সাহায্য চাইবেন আমরা প্রশাসনিক ভাবে সব সাহায্য করব, গুন্ডামি হাসপাতালে বরদাস্ত করা হবে না। কমিউনিস্টদের নৈরাজ্য তৈরির জায়গা মেডিক্যাল কলেজ নয়, স্পষ্ট বলে দিলাম, কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাইলে কয়েক সেকেন্ড লাগবে, পুলিশ যা করার করবে।' এছাড়া কলেজ স্ট্রিটে অশান্তি প্রসঙ্গেও এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বামেদের তীব্র নিশানা করে বলেন, 'ভোটে জেতার ক্ষমতা নেই, তাই বইয়ের স্টল নিয়ে রাজনীতি করছে।' দুর্গাপুজোয় সপ্তমীর দিন চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। মৃত উনিশজনকে নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজে। সে সময় একদল জুনিয়র চিকিৎসক সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, পরিকাঠামোর অভাব রয়েছে কলকাতা মেডিক্যালে। বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে জরুরি অবস্থায় চিকিৎসা করার পরিকাঠামো নেই শতাব্দী প্রাচীন এই হাসপাতালে।