দুর্গাপুজোয় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। পুজোর দিনগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন ৬০০০ পুলিশকর্মী এবং ৬০০০ হোমগার্ড। জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। পাশাপাশি, শহরের ১৪টি গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাম্বুল্যান্স রাখার ব্যবস্থাও করা হচ্ছে। পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন থাকে, সেই লক্ষ্যেই এই প্রস্তুতি। পুলিশ কমিশনার আরও জানান, দুর্গাপুজোয় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য প্রকাশ করা হয়েছে পুজো গাইড ম্যাপ। কোন পথে যাতায়াত করা যাবে, কোথায় যান নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে, সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে এই ম্যাপ সাহায্য করবে। পুজোর দিনগুলিতে ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।