রেড রোডে আয়োজন করা হচ্ছে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের। আর এই আয়োজন ঘিরেই প্রশ্ন তুলেছেন কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। তাঁদের বক্তব্য, রেড রোডে নমাজে অনুমতি দেওয়া না হলে, যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে কেন? মঙ্গলবার কড়া ভাবে এই প্রশ্নেরই উত্তর দিলেন রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন,"এর আগে ১০৭ বছর ধরে রেড রোডে নমাজ পড়া হত। তখন কোনও সংখ্য়ালঘু কি এই প্রশ্ন করেছিলেন, এত বড় মাঠ, এত মসজিদ পড়ে থাকতে রেড রোডে নমাজ কেন পড়া হচ্ছে?" এরপরেই তাঁর সংযোজন, "প্রধানমন্ত্রী আসছেন। PM-এর অনুষ্ঠান সবসময় এমন ভাবে করা উচিত যাতে মানুষের অসুবিধা না হয়। অন্য কোনও জায়গায় করলে পুলিশকে নিরাপত্তার খাতিরে আশেপাশের জায়গা এমনিই বন্ধ করতে হত। এটা ভালো ব্যাপার যেখানে লোকের আনাগোনা কম, সেখানে হচ্ছে। এটা তো নিরাপত্তা প্রোটোকলের বিষয়। ১০৭ বছর ধরে অন্যায় করা হয়েছে, আর এক বছরের দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তানের চলে যান। যেখানে খুশি নমাজ পড়ুন কেউ বলবেনা। এখানে চলবে না এসব। লোক পাল্টেছে এসব বন্ধ করব বলে, আর বন্ধ হবেই।" অন্যদিকে, জাহাঙ্গিরের মুক্তির দাবিতে যে ব্যক্তিরা আন্দোলন করছে, তাঁদেরকে নিশানা করে দিলীপ বলেন, 'যে ব্যক্তিরা চোর, ডাকাতদের সঙ্গ দেবে, তাঁদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।'