মদন মিত্রের সঙ্গে সৌগত রায়ের সংঘাত পুরনো। বহু বছর ধরেই একে অপরকে নানা ভাবে টার্গেট করেন। সে সঙ্গীতশিল্পী KK-র মৃত্যু বিতর্ক হোক বা সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালনা। ২০২৪ সালে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় যেমন সৌগতকে মহাভারতের পিতামহ ভীষ্মের সঙ্গে তুলনা করেছিলেন মদন। বলেছিলেন, 'সৌগতদা দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মের লেভেলে চলে গেছেন। তাঁকে তো আমাদের মেনে চলতেই হবে। সৌগতদার সিকিউরিটির কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া। তাঁকে দিয়ে কী কী কাজ করানো হয়। চুন, পান, বাজার, খাওয়া, রান্না। তাহলে সিকিউরিটি দেবে কখন?' এহেন মদন এখন বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে চলে গিয়েছেন। মদনের শিবির বদল নিয়ে সৌগত বললেন, 'আমরা দুঃখ পেয়েছি। কাল পর্যন্তও আমাদের সঙ্গে ছিল। আজ চলে গেল।'