বিজেপির সভা চলাকালীন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়ার মধ্যে মতানৈক্য। মঙ্গলবার রাতে দমদম পার্কে পদ্মশিবিরের একটি মিটিংয়ে এই কাণ্ড ঘটে। শারদ্বত মুখোপাধ্যায়ের সভায় আসেন পীযূষ কানোরিয়া। যদিও প্রথমে তিনি মঞ্চে উঠতে রাজি হননি। পরে অনেক অনুনয়-বিনয় করে, শেষে হাত ধরে তাঁকে মঞ্চে তোলেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু তাতেও ক্ষোভ চেপে রাখেননি পীযূষ। সরাসরি তিনি প্রশ্ন করেন, "দমদম পার্কে অনেক ঘটনা আছে। এত বছর যাদের ঢুকতে দিইনি আমরা, তাদের আবার রাজনৈতিক ভাবে ঢোকানো হচ্ছে কেন?" তাঁর অভিযোগ, "দক্ষিণ দমদম পুরসভার লোক এখানে বসে আছে। আলোর কনট্র্যাক্ট, ১৮টি জায়গার কনট্র্যাক্ট একটা লোক পেয়েছে। কেন পেয়েছে? কার মদতে পেয়েছে? আপনি আমাকে উত্তর দিন।" পরে সাংবাদিকদের শারদ্বত বলেন, "কোথাও বলব না, আমার এখানে সব ভালো। কী খারাপ সেটা শুনতে এসেছি। ভালো করার জন্যই এসেছি।" একইসঙ্গে তিনি বলেন, "ভয় আউট, ভরসা ইন করতে পারিনি"। তাঁর বক্তব্য, "যে অভিযোগের চিঠিগুলি এসেছে, "৯০ শতাংশ চিঠিতে নামপ্রকাশে অনিচ্ছুক। তার মানে আমরা কিন্তু ভয় আউট, ভরসা ইন করতে পারিনি। আমাদের কাজ বাকি। কাজ সম্পূর্ণ করব।" এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, তোলাবাজি, সিন্ডিকেট, প্রোমোটারদের কাছ থেকে পয়সা নেওয়ার ভূরি ভূরি অভিযোগ এসেছে। অন্যদিকে, পীযূষ দাবি করেন, তিনি তোলাবাজি হতে দেননি।