ফের রহস্যজনক মৃত্যু কলকাতার হাসপাতালে। এ বার এনআরএস। হাসপাতালের এক শৌচালয় থেকে উদ্ধার হল নার্সের দেহ। বয়স ৩০ বছর। বাড়ি দমদমে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতাল সূত্রে খবর, শরীরে কোনও ইঞ্জেকশন দেওয়ার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে ওই নার্সের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এনআরএসে পৌঁছোন। হাসপাতালে গিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (পূর্ব শহরতলি) সুবিমল পাল-সহ পুলিশের পদস্থ আধিকারিকেরাও। অ্যাডিশনাল সিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল জানান, 'রাত সাড়ে ১০টা নাগাদ কেসটি জানতে পারি। দেহ পোস্টমর্টেম করা হবে। পরিবার যেখানে চাইবে, সেখানেই পোস্টমর্টেম করা হবে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।'