এ বার প্রকাশ্যে মদন মিত্র বনাম কুণাল ঘোষের তরজা। দলের দুই নেতার বাকযুদ্ধ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, রাজনৈতিক আক্রমণের গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন মদন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে কুণাল জানিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ করলে এমন জবাব দেবেন, যাতে মুখ দেখানো কঠিন হয়ে যাবে। গত ১৩ নভেম্বর কলকাতার বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকী ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অবিজেপি একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সেই অনুষ্ঠানে কুণাল ঘোষের উপস্থিতি নিয়েই তাঁকে আক্রমণ করেন মদন মিত্র। তারই পাল্টা জবাব দিতে গিয়ে কুণাল বলেন, রাজনৈতিকভাবে আক্রমণ করলে তিনি তার উত্তর দেবেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ বরদাস্ত করবেন না। কুণালের কথায়, 'মদনদা রাজনৈতিকভাবে যা পারো বলো, আমি উত্তর দেব। কিন্তু ব্যক্তিগতভাবে আমায় হিট করলে আমি পাল্টা এমন হিট করব, তুমি মুখ দেখাতে পারবে না।' মদনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে কুণাল আরও দাবি করেন, খারাপ কথা বলার পরেও রাতে ফোন করলে তিনি সেই ফোন ধরেন। এমনকী, ফোন মিস হলে পাল্টা যোগাযোগও করেন। মদন ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়ার অনুরোধ করেছেন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে কুণাল বলেন, তাঁকে ব্যক্তিগত আক্রমণ করলে পাল্টা জবাব দিতে এক সেকেন্ডও লাগবে না।