চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় জখমদের গতকাল কলকাতা মেডিক্যাল কলেজে অ্যাডমিট করানো হলেও, এদিন সকালে তাঁদের স্থানান্তর করানো হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। এই বিষয় নিয়ে প্রশ্ন তুললেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এরপরেই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, মেডিক্যাল কলেজ তো প্রাইমারি হেলথ সেন্টার নয় তাহলে কেন বেসরকারি জায়গায় পাঠানো হল? তাহলে কি তথ্য গোপনের চেষ্টা চলছে? তাহলে কি এই সরকার স্বীকার করে নিচ্ছে যে এই মুহূর্তে সরকারি হাসপাতালে আপৎকালীন চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা নেই? কুণালের প্রশ্ন,আহতরা সুস্থ হয়ে যাতে কোনও রকমের বিবৃতি না দিতে পারে সেই কারণে কি আগে থেকে তাঁদের পরিবারকে নিজেদের ঘেরাটোপে নিয়ে আসার চেষ্টা চলছে?