রাজনীতির ময়দান ছেড়ে এবার নাটকের মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কলকাতার রবীন্দ্র সদনে ‘রঙ্গ অপেরা’র প্রযোজনায় ‘কেশরী হত্যা?’ নামের বাংলা নাটকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করলেন তিনি। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথম পেশাদার মঞ্চনাটকে দেখা গেল তাঁকে। অধিকারী কৌশিকের নির্দেশনায় মঞ্চস্থ এই নাটকের কাহিনি আবর্তিত হয়েছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, বাংলা ভাগ, কাশ্মীর যাত্রা এবং তাঁর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে। নাটকে শ্যামাপ্রসাদের তরুণ সহযোদ্ধা অটলবিহারী বাজপেয়ীর ভূমিকায় সুকান্তর অভিনয়ের মাধ্যমে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, কর্মকাণ্ড ও সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে। বালুরঘাটে নাট্যচর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সুকান্ত মজুমদারও ছাত্রজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর দীর্ঘদিন মঞ্চ থেকে দূরে থাকলেও এবার ফের অভিনয়ে ফিরলেন তিনি। তবে এবার তাঁর পরিচিতি শুধু অভিনেতা হিসেবে নয়, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও এই মঞ্চাভিনয় ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।