রাজ্য বিধানসভায় উদ্ধার দেহ, হলুস্থুল কাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। সোমবার সকালে বিধানসভার শৌচাগার থেকে মধ্যবয়স্ক এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম উমেশচন্দ্র দাস। বাড়ি কলকাতার তিলজলা এলাকায়। তিনি গত ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। এদিন সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। পাশাপাশি ঘটনায় পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।