Advertisement

Champaran Mutton Recipe: খাঁটি বিহারি স্টাইলে চম্পারণ মাটন বানান এভাবে, জানুন সহজ রেসিপি

রোজ রোজ মাটনের এক পদ খেতে ভাল না লাগতেই পারে। সেক্ষেত্রে বানিয়ে নিন খাঁটি বিহারি স্টাইলে চম্পারণ মাটন। কীভাবে বানাবেন এই পদ? চম্পারণ মাটনের সহজ রেসিপি জেনে নিন।

বিহারি স্টাইলে চম্পারণ মাটন বানাবেন কীভাবে?বিহারি স্টাইলে চম্পারণ মাটন বানাবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2026,
  • अपडेटेड 3:26 PM IST
  • রোজ রোজ মাটনের এক পদ খেতে ভাল লাগে না?
  • বানিয়ে নিন খাঁটি বিহারি স্টাইলে চম্পারণ মাটন
  • চম্পারণ মাটনের সহজ রেসিপি জেনে নিন

বাঙালি মানেই খাসির মাংসের প্রেমে পাগল। নিয়মিত মাটন কিনে এনে জমিয়ে খাওয়ায় আমাদের জুড়ি মেলা ভার। তবে প্রায়দিন সেই একই স্টাইলে মাটন কষা বা পাঁঠার মাংসের ঝোল খেতে ভাল লাগে না নিশ্চয়ই। সেক্ষেত্রে সহজেই বানিয়ে নিতে পারেন খাঁটি বিহারি স্টাইলে চম্পারণ মাটন। এই পদটি বানান খুব একটা কঠিন কিছু নয়। এটা আপনি গ্যাসেই বানাতে পারবেন। আর এটা খেতেও দারুণ। 

তাই ঝটপট বিহারি স্টাইলে চম্পারণ মাটন বানানোর রেসিপিটা জেনে নিন। তারপর সেই মতো বানিয়ে ফেলুন। এই পদ গরম ভাত বা রুটির সঙ্গে খেলে আঙুল চাটতে বাধ্য হবেন। 

কী কী লাগবে? 

  • ৫০০ গ্রাম খাসির মাংস নিন
  • পেঁয়াজ কুচি লাগবে ৩০০ গ্রাম
  • আদা ও রসুন বাটা নিন ২ চামচ
  • গোটা রসুন নিন ২ থেকে ৩টি
  • সরষের তেল নিতে হবে ১ কাপ
  • হলুদ, লঙ্কা, জিরে, ধনে ও গরম মশলা গুঁড়ো লাগবে পরিমাণ মতো
  • তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ নিন যতটা দরকার

কীভাবে বানাবেন? 
খাঁটি বিহারি স্টাইলে চম্পারণ মাটন বানানোর একাধিক স্টেপ রয়েছে। সেই স্টেপ মেনেই রান্না করতে হবে। আসুন জেনে নেওয়া যাক-

১. ম্যারিনেশন
সবার প্রথমে ভাল করে ম্যারিনেশন করতে হবে। এক্ষেত্রে সবার প্রথমে মাটন ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর একটি বড় পাত্রে মাটন, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, সব গুঁড়ো ও গোটা মশলা, স্বাদমতো নুন এবং তিন-চতুর্থাংশ সরষের তেল একসঙ্গে খুব ভাল করে মেখে নিতে হবে। এরপর ৩০ মিনিট মাংসটা রেখে দিন।

২. হাঁড়ি তৈরি করুন
একটি মাটির হাঁড়ি লাগবে। তার ভিতরে তেল মাখিয়ে রাখুন। এবার ম্যারিনেট করা মাংস এবং গোটা রসুনগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিন। হাঁড়িতে একটুও জল দেওয়া যাবে না।

৩. হাঁড়ি সিল করতে হবে
হাঁড়িতে মাংস ভরে দেওয়ার পর মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিন। হাঁড়ির মুখ সিল করার জন্য আটা ব্যবহার করুন। এক্ষেত্রে হাঁড়ির ঢাকনার চারদিকে আটা মাখিয়ে সিল করতে হবে। 

৪. রান্না পর্ব
একদম ধিমে আঁচে থাকবে গ্যাসে। অবশ্য হাঁড়ি বসানোর আগে ওভেনে একটি চাটু বা তাওয়া দিয়ে দিন। তার উপরই হাঁড়িটি বসান। এভাবে ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ৩০ মিনিট রান্না করতে হবে। শুধু মাঝে মধ্যে হাঁড়িটি সাবধানে ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে। তাহলেই মাংসটা ঠিক ঠাক হবে। 

Advertisement

৫. পরিবেশন করবেন কীভাবে?
১ ঘণ্টা ৩০ মিনিট বাদে গ্যাস বন্ধ করুন। তারপর ১০ মিনিট রেখে দিন। এবার আটার সিল কেটে গরম গরম পরিবেশন করুন চম্পারণ মাটন। হলফ করে বলতে পারি, হাত চাটতে বাধ্য হবেন। 

  

Read more!
Advertisement
Advertisement