
মাস প্রায় শেষের পথে। এই সময় বাজেটে টানাটানি শুরু হয়ে যায়। মাছ, মাংসের বদলে অনেকেই এই সময় ডিম দিয়েই লাঞ্চ বা ডিনার চালিয়ে দিতে চান। তাদের জন্য রয়েছে ওপার বাংলার এক অসাধারণ রেসিপি।
প্রসঙ্গত, অনেকেই ডিম খেতে পছন্দ করেন। ডিম দিয়ে তৈরি করা হয় নানা ধরনের সুস্বাদু খাবাই আইটেম। এর মধ্যে নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের কোরমা স্বাদে ও গুনে যেন অনন্য। চলুন জেনে নেওয়া যাক ওপার বাংলার এই বিখ্যাত রান্নার রেসিপি।
উপকরণ
১০টি হাঁসের ডিম, ২ কাপ নারকেলের দুধ, আধ কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ রসুন বাটা, ২ চা চামচ জিরের গুঁড়ো, ১ চা চামচ শুকনা লঙ্কার গুঁড়ো, আধ চা চামচ হলুদের গুঁড়ো, দারচিনি এক টুকরো, ১টি এলাচ, ২টি তেজপাতা, ৪-৫টি কাঁচা লঙ্কা, ৩ টেবিল চামচ তেল, ১ চা চামচ পেঁয়াজ বেরেস্তা (ইচ্ছে হলে), পরিমাণমতো চিনি, পরিমাণমতো নুন।
প্রণালি
একটি পাত্রে তেল ঢেলে নিন। তেল গরম হলে এর মধ্যে একে একে দারচিনি, এলাচ, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং এলে এর মধ্যে একে একে রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিন। কষানো শেষ হলে নারকেলের দুধ দিয়ে দিন। দুধ ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। নুন ও চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন ৮ থেকে ১০ মিনিট। এরপর ঢাকনা খুলে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ফের ঢাকনা দিয়ে রান্না করুন। পরে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে এই ডিম কারি খেতে বেশ সুস্বাদু। পরিবেশন করতে পারেন খিচুড়ির সঙ্গেও।