
গরমকাল। বাজারে টাটকা ঢ্যাঁড়সের অভাব নেই। অনেক বাড়িতেই নিয়মিত বানান। তবে বারবার একই ধরনের ঢ্যাঁড়সের তরকারি খেতে খেতে অনেকেরই অরুচি আসে। সেই একঘেয়েমি কাটাতে দুপুর বা রাতের খাবারে বানিয়ে দেখতে পারেন মশলাদার 'ভরওয়া ভিন্ডি'। শুকনো শুকনো। ঝাল ঝাল। স্পেশাল মশলা, মৌরি এবং আমচুরের স্বাদ। রুটি, পরোটা কিংবা ডাল-ভাত; সব কিছুর সঙ্গেই জমে যায়। মৌরি শুধু স্বাদই বাড়ায় না, গরমকালে হজমের ক্ষেত্রেও সাহায্য করে।
ভরওয়া ভিন্ডি বানাতে কী কী লাগবে?
প্রধান উপকরণ
২৫০ গ্রাম টাটকা ও ছোট আকারের ঢ্যাঁড়স
পুরের জন্য
২ টেবিলচামচ মৌরি (হালকা গুঁড়ো করা)
১ টেবিলচামচ ধনে গুঁড়ো
১ চা-চামচ জিরে গুঁড়ো
১ চা-চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
আধ চা-চামচ হলুদ গুঁড়ো
১ চা-চামচ আমচুর গুঁড়ো
এক চিমটে হিং
স্বাদমতো নুন
২ থেকে ৩ টেবিলচামচ সর্ষের তেল বা রান্নার তেল
কীভাবে বানাবেন?
প্রথমে ঢ্যাঁড়স ভাল করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। খেয়াল রাখতে হবে যাতে একেবারেই জল না থাকে। তা না হলে রান্নার সময় ঢ্যাঁড়স হরহরে হয়ে যেতে পারে।
এর পর ঢ্যাঁড়সের দুই প্রান্ত কেটে মাঝখান বরাবর লম্বা করে চিরে নিন। তবে সম্পূর্ণ কেটে ফেলবেন না। শুধু মশলা ভরার মতো জায়গা রাখুন।
একটি পাত্রে মৌরি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, আমচুর, হিং এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে সামান্য সর্ষের তেল মিশিয়ে নিলে মশলা ভাল ভাবে বেঁধে থাকবে এবং ঢ্যাঁড়সের ভিতর থেকে বেরিয়ে আসবে না।
এর পর এক এক করে প্রতিটি চেরা ঢ্যাঁড়সের মধ্যে মশলার পুর ভরে দিন।
কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে মশলা ভরা ঢ্যাঁড়সগুলি কড়াইয়ে সাজিয়ে দিন।
খুব আলতো হাতে নাড়তে হবে, যাতে ভিতরের মশলা বেরিয়ে না যায়। কড়াই ঢেকে কম আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। মাঝে মাঝে উল্টে দিন, যাতে চার দিক সমান ভাবে সোনালি রং ধরে।
ঢ্যাঁড়স প্রায় ৮০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আরও ৩ থেকে ৪ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এতে বাইরের অংশ মুচমুচে হবে এবং স্বাদ আরও বাড়বে।
পরোটা, রুটি, লুচি কিংবা ডাল-ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ভরওয়া ভিন্ডি।