
সপ্তাহান্তের ছুটির দিনে পাতে যদি বিশেষ কিছু না থাকে, তা হলে যেন ছুটির আমেজটাই অসম্পূর্ণ থেকে যায়। আর সেই বিশেষ মেনুতে ছোলে-ভাটুরের জুড়ি মেলা ভার। মশলাদার ছোলার সঙ্গে গরমাগরম, বেলুনের মতো ফুলে ওঠা নরম ভাটুরে দেখলেই খিদে যেন কয়েক গুণ বেড়ে যায়।
তবে বাড়িতে ভাটুরে বানাতে গিয়ে অনেকেরই একই সমস্যা হয়। কড়াই থেকে তোলার কিছু ক্ষণের মধ্যেই ভাটুরে চুপসে যায়, অথবা অতিরিক্ত তেল শুষে নিয়ে ভারী হয়ে যায়। ফলে রেস্তরাঁর মতো স্বাদ ও গঠন আর পাওয়া যায় না। নামী শেফদের মতে, এর সমাধান লুকিয়ে রয়েছে ময়দার মিশ্রণ তৈরির মধ্যেই। তাঁদের একটা সহজ কৌশল মেনে চললেই ভাটুরে হবে নরম, জালিদার এবং দীর্ঘক্ষণ ফুলে থাকবে।
উপকরণ
ময়দা — ২ কাপ
মাঝারি আকারের সেদ্ধ আলু — ১টি (কুচি করা বা গ্রেট করা)
সুজি — ২ টেবিল চামচ
হালকা টক দই — ১/২ কাপ
বেকিং পাউডার — ১/২ চা-চামচ
চিনি — ১/২ চা-চামচ
নুন — স্বাদ মতো
তেল — ২ টেবিল চামচ (ময়ামের জন্য)
ভাজার জন্য- পরিমাণ মতো তেল
কী সেই বিশেষ কৌশল?
নিখুঁত ভাটুরে তৈরির জন্য ময়দার সঙ্গে গ্রেট করা সেদ্ধ আলু এবং সামান্য সুজি মেশানোর পরামর্শ দেন অভিজ্ঞ রাঁধুনিরা। আলু ভাটুরেকে ভিতর থেকে নরম ও তুলতুলে রাখতে সাহায্য করে। অন্য দিকে সুজি ভাটুরের গঠনকে মজবুত করে এবং দীর্ঘক্ষণ ফুলে থাকতে সাহায্য করে। ফলে ভাজার সময় ভাটুরে অতিরিক্ত তেলও শোষণ করে না।
ভাটুরে তৈরির পদ্ধতি
প্রথমে একটি বড় পাত্রে ময়দা ও সুজি একসঙ্গে চেলে নিন। এর মধ্যে নুন, চিনি, বেকিং পাউডার এবং ময়ামের জন্য ২ টেবিলচামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এর পরে গ্রেট করা সেদ্ধ আলু এবং দই যোগ করুন। প্রথমে জল না দিয়েই আলু ও দইয়ের সঙ্গে ময়দা মিশিয়ে নিন। তার পরে প্রয়োজন মতো ঈষদুষ্ণ জল দিয়ে নরম ও মসৃণ মণ্ড তৈরি করুন।
মণ্ডটিকে কয়েক বার চাপড়ে বা মেখে আরও সফ্ট করে নিন। এতে ভাটুরে বেলার সময় ফাটবে না এবং ভাজার সময় ভাল ভাবে ফুলবে।
মণ্ডের গায়ে সামান্য তেল মাখিয়ে ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন। অন্তত এক থেকে দু’ঘণ্টা উষ্ণ স্থানে রেখে দিন, যাতে মণ্ড ভাল ভাবে সেট হয়ে যায়।
ভাজার সময় কোন বিষয়টি মাথায় রাখবেন?
কড়াইয়ের তেল যথেষ্ট গরম হওয়া অত্যন্ত জরুরি। তেল ভাল ভাবে গরম হলে ভাটুরে বেলে সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে ঝাঁঝরির সাহায্যে হালকা চাপ দিন। তাতেই ভাটুরা বেলুনের মতো ফুলে উঠবে।
দু’পিঠ সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিলেই তৈরি রেস্তরাঁর স্বাদের নরম, ফুলকো ভাটুরে।