Advertisement

Bihari Aloo Chokha Recipe: খাঁটি বিহারি স্টাইলে শুকনো লঙ্কা ও পেঁয়াজ দিয়ে আলু চোখার রেসিপি, খেলে আঙুল চাটবেন

বিহারি স্টাইলে বানিয়ে নিতে পারেন আলু চোখা। শুকনো লঙ্কা ও পেঁয়াজ দিয়ে মাখতে হবে। কীভাবে বানাবেন এই পদ? জেনে নিন সহজ রেসিপি। এভাবে বানিয়ে খেলে পরে আঙুল চাটতে বাধ্য হবেন।

বিহারি স্টাইলে আলু চোখাবিহারি স্টাইলে আলু চোখা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2026,
  • अपडेटेड 2:27 PM IST
  • বিহারি স্টাইলে বানিয়ে নিতে পারেন আলু চোখা
  • শুকনো লঙ্কা ও পেঁয়াজ দিয়ে মাখতে হবে
  • কীভাবে বানাবেন এই পদ?

বাঙালিরা খায় আলু ভাতে। ওদিকে বিহারের বাসিন্দাদের পছন্দের পদ হল আলু চোখা। আর এই দুই পদের স্বাদ বেশ কিছুটা আলাদা। বাঙালির আলু ভাতে যেমন সেরার সেরা। তেমনই বিহারিদের আলু চোখাও অত্যন্ত সুস্বাদু। এর সঙ্গে আলু ভাতের স্বাদের বেশ ফারাক হয়েছে। এই পদ একবার গরম ভাত দিয়ে খেলে জমে যাবে। তাই আজ খাঁটি বিহারি স্টাইলে পেঁয়াজ ও শুকনো লঙ্কা দিয়ে আলু চোখা বানানোর পদ্ধতিটা জানাব। এই স্টাইলে পদটা তৈরি করে একবার শুধু টেস্ট করুন। হলফ করে বলতে পারি, স্বাদটা মুখে লেগে থাকবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন খাঁটি বিহারি স্টাইলে আলু চোখা ঠিক কীভাবে বানাতে হয়। 

কী কী লাগবে? 

  • ৪টে সেদ্ধ করা আলু নিন
  • শুকনো লঙ্কা লাগবে ২ থেকে ৩টি
  • পেঁয়াজ নিন ১টি মাঝারি মাপের (পেঁয়াজ কুচিয়ে নিন)
  • খাঁটি সর্ষের তেল নিন
  • নুন নিন স্বাদমতো
  • ধনেপাতা কুচি লাগবে ১ টেবিল চামচ (এটা চাইলে দিতে পারেন, না দিতেও পারেন) 

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে আলু ভাল করে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে হাত দিয়ে আলু ভাল করে চটকে মেখে নিন। খেয়াল রাখবেন যেন বড় কোনও টুকরো না থাকে।
  • এরপর গ্যাসে একটি চাটু গরম করুন। তাতে সর্ষের তেল দিন। তেলটা গরম হলেই তাতে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিন। এই সময় আঁচ থাকবে কম। দেখবেন যেন লঙ্কাটা ভাল করে ভাজা হয়। যতক্ষণ না লঙ্কার রং কালচে হচ্ছে, ততক্ষণ ভেজে নিতে হবে। লঙ্কা ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। তারপর তেল ও লঙ্কা একটু ঠান্ডা হতে দিন।
  • এবার একটি পাত্রে ভাজা শুকনো লঙ্কা ও স্বাদমতো নুন নিতে হবে। হাত দিয়ে লঙ্কাগুলো নুনের সঙ্গে ভাল করে গুঁড়ো করে নিন।
  • এরপর এই লঙ্কা ও নুনের মধ্যে কুচানো পেঁয়াজ ও ধনেপাতা কুচি দিয়ে দিন। তারপর হালকা হাতে এগুলি মেখে নিতে হবে। এবার ওপর থেকে লঙ্কা ভাজার পর বেঁচে থাকা সর্ষের তেলটুকু ঢেলে দিন।
  • এবার এই মশলার মিশ্রণটি সেদ্ধ করে রাখা আলুর সঙ্গে খুব ভাল করে মেখে নিতে হবে। তাহলেই তৈরি হবে খাঁটি বিহারি স্টাইলে আলু চোখা। গরম ভাতের সঙ্গে এই পদ লাগবে দারুণ।

 

Read more!
Advertisement
Advertisement