Advertisement

Cauliflower Veg Keema: ভেজ কিমা মানেই সয়াবিন চাঙ্ক নয়, এই সবজি দিয়ে বানালে সবাই জিভ চাটবে

Cauliflower Veg Keema: তবে যারা নিরামিষ কিংবা হালকা খাবার খেতে চান, তাঁদের জন্য দারুণ বিকল্প হতে পারে ফুলকপির কিমা। মরসুমি সব্জি দিয়ে বানানো এই পদ দেখতে ও খেতে অনেকটাই মাংসের কিমার মতো, কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 12:08 AM IST

Cauliflower Veg Keema: শীতের দিনে মাংসের ঝাল রোস্ট বা কিমার স্বাদ পেতে মন চায় অনেকেরই। তবে যারা নিরামিষ কিংবা হালকা খাবার খেতে চান, তাঁদের জন্য দারুণ বিকল্প হতে পারে ফুলকপির কিমা। মরসুমি সব্জি দিয়ে বানানো এই পদ দেখতে ও খেতে অনেকটাই মাংসের কিমার মতো, কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর।

কুরনো করা ফুলকপি আদা-রসুন-লঙ্কা, জিরে ও গরম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলে তৈরি হয় ঝরঝরে কিমার মতো টেক্সচার। রুটি কিংবা গরম ভাত, দু’য়ের সঙ্গেই জমে যায় এই পদ। চাইলে অতিথি আপ্যায়নেও অনায়াসে রাখা যায় ফুলকপির কিমা।

কী কী লাগবে (উপকরণ)
মাঝারি আকারের ফুলকপি ১টি (গ্রেট করা)
পেঁয়াজ কুচি ১টি বড়
আদা বাটা ১ চামচ
রসুন বাটা ১ চামচ
কাঁচা লঙ্কা বাটা বা কুচি স্বাদমতো
টমেটো কুচি ১টি
হলুদ গুঁড়ো আধ চামচ
লঙ্কা গুঁড়ো আধ চামচ
জিরে গুঁড়ো ১ চামচ
ধনে গুঁড়ো আধ চামচ
গরম মশলা গুঁড়ো আধ চামচ
হিং আধ চামচ
নুন স্বাদমতো
তেল প্রয়োজন অনুযায়ী
ধনে পাতা কুচি সাজানোর জন্য

কীভাবে বানাবেন (প্রণালী)
প্রথমে ফুলকপি ভালো করে ধুয়ে গ্রেট করে নিন। অতিরিক্ত জল ঝরিয়ে নেওয়াই ভালো।
কড়াইতে তেল গরম করে হিং ও জিরে ফোড়ন দিন। জিরে ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
এরপর আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষান।
এবার গ্রেট করা ফুলকপি ও নুন দিয়ে মাঝারি আঁচে ভাজুন। ফুলকপির জল শুকিয়ে এলে টমেটো কুচি ও সব গুঁড়ো মশলা দিয়ে কষাতে থাকুন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কিমা তৈরি। শেষে গরম মশলা ও ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিন।

কয়েকটি সহজ টিপস
ফুলকপি সেদ্ধ না করে সরাসরি ভাজলে কিমার মতো ঝরঝরে ভাব আসে। স্বাদ ও পুষ্টি বাড়াতে সামান্য মটরশুঁটি বা গাজর কুচি যোগ করতে পারেন। ঝাল পছন্দ হলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement