
সব কিছুরই দাম বাড়ছে। কিন্তু শরীর ভাল রাখতে পুষ্টিকর খাবারও জরুরি। বিশেষ করে সকালবেলার খাবার ঠিক না হলে সারাদিন ক্লান্তি থাকে। কম খরচে, কম সময়ে পুষ্টিকর জলখাবার হিসেবে চিঁড়ে-ডিম হতে পারে আদর্শ কম্বিনেশন। শুনতে অবাক লাগছে? আসলে চিঁড়ের পোলাও সবাই নিরামিষ হিসাবেই ভাবেন। কিন্তু চিড়ের পোলাও বানিয়ে তাতে ডিমের ঝুরি দিয়ে দিলে কিন্তু সত্যিই দুর্দান্ত খেতে লাগে।
পশ্চিমবঙ্গের বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে চিঁড়ে সহজলভ্য এবং সস্তা খাবার। এর সঙ্গে ডিম যোগ করলে পুষ্টিগুণ আরও বেড়ে যায়।
চিঁড়ে এবং ডিম ভাল অপশন
চিঁড়ে সহজপাচ্য এবং দ্রুত শক্তি দেয়। অন্যদিকে ডিমে থাকে প্রোটিন, যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
কী কী লাগবে
এই রেসিপি বানাতে প্রয়োজন,
১ কাপ চিঁড়ে
১টি ডিম
১টি পেঁয়াজ
১টি কাঁচালঙ্কা
সামান্য তেল
নুন স্বাদমতো
সব উপকরণই সহজে পাওয়া যায় এবং মোট খরচ ২০ টাকার মধ্যেই সম্ভব।
কীভাবে বানাবেন
প্রথমে চিঁড়ে জল দিয়ে ধুয়ে ২ মিনিট রেখে দিন। তারপর কড়াইয়ে সামান্য তেল দিন। পেঁয়াজ ও কাঁচালঙ্কা ভেজে নিন।
এরপর ডিম ভেঙে দিয়ে ভালো করে নাড়ুন। শেষে চিঁড়ে দিয়ে নুন মিশিয়ে ২–৩ মিনিট নাড়লেই তৈরি সুস্বাদু জলখাবার।
চিকিৎসকদের মতে, নিয়মিত পুষ্টিকর খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যায়। বিশেষ করে যারা কায়িক পরিশ্রমের কাজ করেন, তাঁদের সকালের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমান বাজার পরিস্থিতিতে কম খরচে স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে এই ধরনের সহজ রেসিপি ট্রাই করতেই পারেন।