
Chicken Chukka Recipe: ঘরে বানিয়ে নিন স্বাদ বদলের চিকেন চুক্কা, একবার খেলেই আবার খাবেনবর্ষার দিনে ঝমঝমিয়ে বৃষ্টি আর হাতে এক কাপ গরম চায়ের সঙ্গে যদি থাকে ঝাল মশলাদার কোনও পদ তাহলে আড্ডার আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বিকেলের জলখাবার অথবা হঠাৎ বাড়িতে অতিথি এলে সহজেই তৈরি করে নিতে পারেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় পদ চিকেন চুক্কা। অল্প সময়েই তৈরি হওয়া এই সুস্বাদু রেসিপি ঝালপ্রেমীদের কাছে বিশেষ পছন্দের।
এই রেসিপি তৈরির জন্য লাগবে ৭০০ গ্রাম ছোট করে কাটা মুরগির মাংস, টক দই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য তেল, পাতলা করে কাটা পেঁয়াজ, টমেটো কুচি, ঘি, শুকনো লঙ্কা, কারিপাতা, রসুন কুচি, আদা কুচি এবং গরম মশলা।
প্রথমে মুরগির মাংসের সঙ্গে টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সামান্য তেল মিশিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে পাতলা করে কাটা পেঁয়াজ লালচে করে ভেজে তুলে রাখুন। এবার একই তেলে সামান্য ঘি দিয়ে শুকনো লঙ্কা, কারিপাতা, রসুন কুচি এবং আদা কুচি ফোড়ন দিন। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো এবং টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দিন। কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিন।
রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে চাইলে সামান্য গ্রেভি রাখা যেতে পারে। তবে স্টার্টার অথবা স্ন্যাক্স হিসেবে খেতে চাইলে একেবারে শুকনো করে কষিয়ে নেওয়াই সবচেয়ে ভালো। গোলমরিচ, কারিপাতা এবং মশলার দারুণ সুবাসে ভরপুর এই চিকেন চুক্কা বর্ষার বিকেলের জন্য একেবারে আদর্শ একটি পদ। আজই ঘরে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন এই সহজ এবং সুস্বাদু রেসিপি।