
ইলিশের তো ভাজা, ভাপা, পাতলা ঝোল অনেক খেলেন। কিন্ত সেই একই রান্না খেতে খেতে বিরক্তি লাগলে করতে পারেন একটু স্বাদ বদল। এই সপ্তাহান্তে রেঁধে ফেলতে পারেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির স্টাইলে ‘ইলিশ ট্রামফ্রেডো’। এই পদে বার্মিজ় রান্নার প্রভাবের সঙ্গে বাঙালি রান্নার কৌশলের সুন্দর মিশেল দেখা যায়। রাঁধা যে খুব কঠিন, তা-ও নয়। সুদূর বর্মা থেকে মশলাপাতি আনারও প্রয়োজন নেই। সামান্য কিছু উপকরণ দিয়েই রেঁধে ফেলতে পারেন এই পদটি।
উপকরণ
ইলিশ — ৮০০ গ্রাম (৪ জনের জন্য)
পেঁয়াজ বাটা — ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়ো — ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো — ২/৩ চা চামচ
নারকেলের দুধ — ১০০ মিলি.
গন্ধরাজ লেবুর পাতা — ৪টি
গন্ধরাজ লেবুর রস — ৩ টেবিল চামচ
আদা-জিরে বাটা — ২ টেবিল চামচ
সর্ষের তেল — ২০০ মিলি
নুন — স্বাদমতো
প্রণালী
প্রথমে ইলিশ ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিন। নুন-হলুদ দিয়ে মাছ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর কড়াইয়ে অল্প তেল দিয়ে ইলিশের টুকরোগুলি দু’দিক উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে রাখুন। মনে রাখবেন, ইলিশ বেশি ভাজা হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা-জিরে বাটা, হলুদ এবং লঙ্কা গুঁড়ো অল্প জলে গুলে কড়াইয়ে দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করে প্রায় ২০০ মিলি জল, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ফুটতে দিন। গ্রেভি ফুটে উঠলে আঁচ কমিয়ে ভাজা ইলিশ দিয়ে ঢেকে ৫-৮ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাছ ভালো ভাবে সেদ্ধ হয়। শেষে নারকেলের দুধ, গন্ধরাজ লেবুর রস এবং প্রয়োজন মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে এই অপূর্ব ‘ইলিশ ট্রামফ্রেডো’ পরিবেশন করুন। ঠাকুরবাড়ির হেঁশেলের এই সহজ অথচ রাজকীয় স্বাদের জাদু আপনার পাতে অন্য মাত্রা যোগ করবে। খুব অল্প সময়েই তৈরি হয়ে যায় এই দুর্দান্ত পদ।