
Darjeeling Famous Aloo Mimi: পাহাড়ে বেড়াতে যাওয়া মানেই মোমো, থুকপা, নুডলস। তবে দার্জিলিঙের আরও একটি পদ রয়েছে, যা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। তেমনই একটি পদ হল আলু মিমি। অনেকেই হয় তো এক কোনও না কোনও ভার্সান খেয়েছেন পাহাড়ে বেড়াতে গিয়ে। সাধারণত দার্জিলিংয়ের পুরনো হোটেল, হোমস্টে-তে রুটি, লুচির সঙ্গে এই পদ পরিবেশন করা হয়। খুব সহজে বাড়িতেই বানানো যায়। সকালের জলখাবার হোক কিংবা সন্ধ্যার আড্ডা, গরম গরম আলু মিমি বানাতে পারেন।
আলু মিমি তৈরির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাড়িতে থাকা আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং কয়েকটি সাধারণ মশলা দিয়েই তৈরি করা যায় এই পদ। তবে স্বাদ বাড়াতে মশলার পরিমাণ এবং রান্নার পদ্ধতির দিকে নজর রাখা জরুরি।
কী কী উপকরণ লাগবে?
আলু মিমি বানাতে লাগবে মাঝারি আকারের ৩-৪টি আলু, একটি পেঁয়াজ কুচি, ২টি কাঁচালঙ্কা, বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সামান্য আদা কুচি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বেশ খানিকটা টমেটো, ধনেপাতা এবং রান্নার তেল। স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে।
কীভাবে বানাবেন আলু মিমি?
প্রথমে আলুগুলি ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তার পরে ছোট ছোট টুকরো করে কাটুন। কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা এবং কাঁচালঙ্কা দিয়ে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামি হলে টমেটো ও কাশ্মীরি লঙ্কা দিন। এরপর আলুর টুকরোগুলি দিয়ে দিন।
এর পরে নুন, সামান্য হলুদ এবং জিরে গুঁড়ো মিশিয়ে ভাল করে নাড়ুন। আলু যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, সে দিকে খেয়াল রাখুন। প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। আলু নরম হয়ে গেলে ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
গরম গরম পরিবেশন করুন আলু মিমি। তবে দার্জিলিঙের বিভিন্ন জায়গায় এই পদের উপকরণ ও রান্নার ধরনে পার্থক্য থাকতে পারে। তাই স্থানীয় স্বাদের সঙ্গে বাড়ির রেসিপি পুরোপুরি এক না-ও হতে পারে। পাহাড়ে অনেক সময় এর উপর ওয়াই-ওয়াই বা ম্যাগি জাতীয় ইনস্ট্যান্ট নুডলস ভেঙে ঝুরিভাজার মতো করে ছড়িয়ে দেওয়া হয়।