
পাইস হোটেলের আন্ডা কারি বা ডিমের তরকারি খেতে দারুণ। সহজেই বানানো যায় অন্ডা কারি। তবে রান্না করার সময়ে অনেকেরই গ্রেভি পাতলা হয়ে যায়। আর অন্ডা কারির গ্রেভি পাতলা হলে স্বাদটাই যেন মাটি। ভাত বা রুটির সঙ্গে খেতেও তেমন ভাল লাগে না। আপনার সঙ্গেও যদি এমনটা হয়ে থাকে, তাহলে আন্ডা কারি রান্নার সহজ উপায়টা জেনে নিন। আন্ডা কারির গ্রেভি আর পাতলা হবে না। বরং বাড়িতেই পাবেন হোটেলের মতো ঘন গ্রেভি ও দুর্দান্ত স্বাদ।
উপকরণ
সেদ্ধ ডিম
পেঁয়াজ ৪টি
টমেটো- ৩টি
আদা- সামান্য
গোটা রসুন- ১টি
শুকনো লঙ্কা
গোলমরিচ- ১ চা চামচ
লবঙ্গ- ২টি
দারচিনি- ১ টুকরো
সবুজ এলাচ- ৪-৫টি
তেজপাতা- ২-৩টি
ধনে গুঁড়ো- ২ চা চামচ
মেথি- ১ চা চামচ
গরম মশলা- ২ চা চামচ
তেল
প্রথমে ডিমগুলি ভাল করে সেদ্ধ করে নিন। খোসা ছাড়িয়ে আলাদা করে রাখুন। এরপর ডিমের গায়ে ছুরি দিয়ে হালকা করে কয়েকটি দাগ কেটে দিন। চাইলে কাঁটা চামচ দিয়েও ডিমে ছোট ছোট ছিদ্র করে নিতে পারেন। এতে মশলা ডিমের ভিতরেও ভালভাবে ঢুকবে।
এবার কড়াইয়ে তেল গরম করে লম্বা করে কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজের রং বদলে গেলে শুকনো লঙ্কা, রসুন, আদা এবং টমেটো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন।
সামান্য নুন দিন। এরপর আঁচ কমিয়ে কড়াই ঢেকে রান্না হতে দিন। টমেটো নরম হয়ে এলে সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন।
ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভাল করে বেটে নিন।
এবার কড়াইয়ে ফের তেল গরম করুন। সেদ্ধ ডিম দিয়ে ভাজুন। ডিমের বাইরের অংশ সোনালি-বাদামি হয়ে এলে তুলে আলাদা পাত্রে রাখুন।
ওই তেলেই ১ চা চামচ গোলমরিচ, ২টি লবঙ্গ, ১ টুকরো দারচিনি, ৪-৫টি সবুজ এলাচ এবং ২-৩টি তেজপাতা দিয়ে ফোড়ন দিন। মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে তৈরি করে রাখা গ্রেভি দিয়ে ভাল করে নাড়ুন।
মশলা কষতে শুরু করলে ২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ মেথি এবং ২ চা চামচ গরম মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এবার ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিন। আঁচ কমিয়ে কড়াই ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন। শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল রেস্তরাঁর ধাঁচের সুস্বাদু ডিমের কারি।