
Ghugni Matar Di Aloo Tarkari: সকালের জলখাবারে গরম লুচি বা কচুরি। সঙ্গে আলুর-মটরের ঝোল ঝোল তরকারি। পেটাই পরোটার দোকানে অনেক সময় এমন তরকারি দেয়। বাড়িতে থাকা আলু আর ঘুগনির শুকনো মটর দিয়েই বানিয়ে ফেলতে পারেন সেই নিরামিষ পদ। ঝাল ঝাল-মশলাদার। আবার সামান্য মিষ্টি স্বাদও থাকবে। রান্নাও খুব একটা ঝামেলার নয়।
কী কী লাগবে?
শুকনো মটর ১ কাপ, আলু ৩টি, একটি মাঝারি টমেটো, আদা বাটা ১ চা চামচ, জিরে ও ধনে গুঁড়ো ১ চা চামচ, হলুদ আধ চা চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ নিন।
ফোড়নের জন্য লাগবে আধ চা চামচ গোটা জিরে, একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা। সঙ্গে নুন, সামান্য চিনি এবং তেল। শেষে দিতে হবে ভাজা মশলার গুঁড়ো। জিরে, ধনে ও শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে এই মশলা।
কীভাবে বানাবেন?
আগের রাতেই মটর জলে ভিজিয়ে রাখুন। পর দিন নুন ও সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকারে ভাল করে সেদ্ধ করে নিন। আলুও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে রাখুন। একেবারে মিহি করে চটকানোর দরকার নেই।
এ বার কড়াইয়ে তেল গরম করুন। তাতে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন। গন্ধ বেরোলে টমেটো এবং সামান্য নুন দিন। টমেটো নরম হওয়া পর্যন্ত ভাজুন।
এর পর আদা বাটা, জিরে-ধনে গুঁড়ো, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিন। অল্প জল ছিটিয়ে মশলা ভাল করে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কষানো হয়ে গিয়েছে।
এ বার সেদ্ধ মটর ও ভাঙা আলু কড়াইয়ে দিন। মশলার সঙ্গে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। তার পর প্রয়োজনমতো জল দিয়ে ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করুন।
শেষে সামান্য চিনি ও ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। এক বার মিশিয়ে নামিয়ে নিন। গরম গরম লুচি, কচুরি বা পেটাই পরোটার সঙ্গে পরিবেশন করুন।