Advertisement

সর্ষে-কাঁচা তেলের জাদুতে হাতে মাখা পুঁটি চচ্চড়ি, রেসিপি জানলে আঙুল চাটবেন

সর্ষের ঝাঁজ আর কাঁচা তেলের গন্ধে যখন মাখা পুঁটি মাছের চচ্চড়ি কড়াইয়ে পড়ে, তখন সেই খুশবুতে পাড়া মাতোয়ারা হতে বাধ্য। কোনো ঝক্কি নেই, স্রেফ হাতের কারসাজিতেই তৈরি হয়ে যায় এই রাজকীয় পদ। গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার।

পুঁটি মাছের চচ্চড়িপুঁটি মাছের চচ্চড়ি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 11:55 PM IST

Bengali Small Fish Recipe: বাঙালি মানেই মাছে-ভাতে টান। আর তা যদি হয় পুকুরের টাটকা পুঁটি, তবে তো কথাই নেই। সর্ষের ঝাঁজ আর কাঁচা তেলের গন্ধে যখন মাখা পুঁটি মাছের চচ্চড়ি কড়াইয়ে পড়ে, তখন সেই খুশবুতে পাড়া মাতোয়ারা হতে বাধ্য। কোনো ঝক্কি নেই, স্রেফ হাতের কারসাজিতেই তৈরি হয়ে যায় এই রাজকীয় পদ। গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার।

কী কী লাগবে?
২৫০-৩০০ গ্রাম টাটকা পুঁটি মাছের সঙ্গে নিন গোটা দুই-তিন পেঁয়াজ কুচি, স্বাদমতো ৫-৬টি কাঁচা লঙ্কা চেরা এবং এক টেবিল চামচ সর্ষে বাটা। সঙ্গে থাকছে আধা চা-চামচ হলুদ গুঁড়ো, নুন এবং অন্তত ৪ টেবিল চামচ খাঁটি সর্ষের তেল। গন্ধের জন্য চাইলে সামান্য রসুন বাটা দিতে পারেন।

রেসিপি
প্রথমেই পরিষ্কার করা পুঁটি মাছের সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, সর্ষে বাটা, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে খুব আয়েশ করে হাত দিয়ে মেখে নিন। মিনিট দশেক ঢাকা দিয়ে রাখলে সর্ষের ঝাঁজটা মাছের গভীরে সেঁধিয়ে যাবে। এবার কড়াইতে অল্প তেল গরম করে আলতো করে পুরো মিশ্রণটা ঢেলে দিন।

মনে রাখবেন, এই রান্নায় আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলেই মাছ আর পেঁয়াজ থেকে যে জল বেরোবে, তাতেই কেল্লাফতে। পুঁটি মাছ খুব নরম, তাই বেশি খুন্তি চালাবেন না। রান্নার শেষে যখন দেখবেন তেল ওপরে উঠে এসেছে, তখন ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিনিট দুয়েক দমে রেখে নামিয়ে নিন। ব্যাস, তৈরি আপনার জিভে জল আনা হাতে মাখা পুঁটি চচ্চড়ি!

 

Read more!
Advertisement
Advertisement