
Vegan Ghee Recipe: দুধ বা দুগ্ধজাত কোনও উপাদান ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় সুগন্ধি ও স্বাস্থ্যকর ভেগান ঘি। যারা ল্যাকটোজ অসহিষ্ণু, ভেগান ডায়েট মেনে চলেন বা কোলেস্টেরল এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য এটি হতে পারে উপযুক্ত বিকল্প। স্বাদ ও গন্ধে অনেকটাই আসল ঘিয়ের মতো হলেও এটি সম্পূর্ণ উদ্ভিজ্জ উপাদানে তৈরি।
রান্নাঘরের সহজ কিছু উপকরণ দিয়েই বানানো যায় এই ভেগান ঘি। মূল উপাদান হিসেবে লাগে ভার্জিন নারকেল তেল। এর সঙ্গে স্বাদ নিরপেক্ষ রাখতে অল্প সূর্যমুখী তেল মেশানো হয়। সুগন্ধ আনতে ব্যবহার করা হয় পেয়ারা পাতা ও কারি পাতা। এছাড়া রং ও ঘিয়ের স্বাদ ঘন করতে যোগ করা হয় সামান্য হলুদ গুঁড়ো ও হিং।
কীভাবে তৈরি করবেন ভেগান ঘি
প্রথমে একটি মোটা তলার পাত্রে এক কাপ নারকেল তেল ও দুই টেবিল চামচ সূর্যমুখী তেল নিয়ে মাঝারি আঁচে গরম করতে হবে। তেল ভালোভাবে গরম হলে পরিষ্কার করে ধোয়া ৫-৬টি পেয়ারা পাতা ও ৪-৫টি কারি পাতা দিয়ে দিতে হবে। পাতাগুলো হালকা বাদামী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এরপর ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো ও ১/২ চা চামচ হিং যোগ করে কয়েক মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করতে হবে। হিং এই ঘিয়েতে আসল ঘিয়ের মতো বিশেষ সুগন্ধ এনে দেয়। তারপর পাত্রটি ঢেকে প্রায় এক ঘণ্টা রেখে দিতে হবে, যাতে পাতার নির্যাস তেলের সঙ্গে মিশে যায়।
মিশ্রণ ঠাণ্ডা হলে একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পরিষ্কার কাঁচের জারে ভরে রাখতে হবে। ফ্রিজে রাখলে এটি জমে ঘিয়ের মতো দানাদার টেক্সচার ধারণ করবে।
কেন জনপ্রিয় হচ্ছে ভেগান ঘি
এই ঘি সম্পূর্ণ ল্যাকটোজ ও কেসিন-মুক্ত, ফলে হজমে তুলনামূলকভাবে সহজ। এতে প্রাণীজ কোলেস্টেরল নেই। সাধারণ ঘিয়ের মতোই এটি ভাত, পোলাও, রুটি, ডাল বা বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়। তবে পুষ্টিবিদদের মতে, যেকোনও তেল বা ফ্যাট পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
বিশেষ পরামর্শ
পেয়ারা পাতা না পাওয়া গেলে কারি পাতা ও হলুদের পরিমাণ সামান্য বাড়িয়ে ব্যবহার করা যেতে পারে।