
অষ্টমী পুজোর দিনে লুচি-ছোলার ডাল না হলে ঠিক জমে না যেন। আর বাঙালির কাছে এই লুচি-ছোলার ডাল একটা ইমোশন। রবিবার ছুটির দিনে জলখাবারে হিট এই কম্বো। আবার জন্মদিন থেকে জামাইষষ্ঠী- স্পেশ্যাল ব্রেকফাস্ট মানে লুচি থাকবেই। যতই পিৎজা, পাস্তা, ফাস্টফুডের জামানা হোক না কেন শাশুড়িরা এখনও জামাইদের আদর করে লুচি-ছোলার ডাল বানাতেই ভালবাসেন। সুন্দর করে ছোলার ডাল বানালে তার কাছে চাউমিন-পাস্তা ঘেঁষতেই পারবে না।
ভাত, রুটি বা লুচির সঙ্গে গরম গরম ছোলার ডালের স্বাদ যেন আলাদা আনন্দ দেয়। পুজোর দিনে নারকেল দিয়ে ছোলার ডাল নিরামিষ ভোজের আসরকে করে তোলে আরও জমজমাট। তবে ছোলার ডাল বানাতে গেলে কিছু সমস্যা অনেকেরই হয়। ডাল ঠিক করে সেদ্ধ হতে চায় না। নুন-মিষ্টিও ঠিক থাকে না। আর তাই আজ রইল নারকেল দিয়ে পারফেক্ট ছোলার ডাল বানানোর রেসিপি।
উপকরণ: নারকেল দিয়ে ছোলার ডাল তৈরি করতে লাগবে ছোলার ডাল আধা কেজি, আদা বাটা ১ চা-চামচ, কোরানো নারকেল ১ কাপ, তেজপাতা ২–৩টি, ঘি ২ টেবিল চামচ, আস্ত জিরে ১ চা-চামচ, শুকনো লঙ্কা ৩–৪টি, সাদা তেল ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো সিকি চা-চামচ, দারুচিনি ৩–৪ টুকরো, এলাচ ৫–৬টি ও নুন স্বাদমতো।
প্রণালি: প্রথমে ছোলার ডাল ভালোভাবে ধুয়ে নিন। এরপর ডালের সঙ্গে আদা বাটা, ১–২টি তেজপাতা, নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করুন। খেয়াল রাখতে হবে, ডাল যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে না যায়। অন্য একটি কড়াইয়ে সাদা তেল গরম করে আস্ত জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে সেদ্ধ ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার আলাদা করে ঘিতে কোরানো নারকেল হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা নারকেল ডালের সঙ্গে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে বাকি ঘি, দারুচিনি ও এলাচ দিয়ে একবার ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন সুগন্ধি নারকেল দিয়ে ছোলার ডাল। ভাত, লুচি কিংবা পরোটার সঙ্গে এই পদটি বেশ মানিয়ে যায়।