
প্রায় প্রতিটি বাড়িতেই আলু অন্যতম ফেভারিট পদ। বাড়িতে আলু থাকলেই সহজে তৈরি করে নিতে পারেন এমন বেশ কিছু পদ, যা দিয়ে খেয়ে নেওয়া যাবে পুরো একথালা ভাত। এখানে তেমনই একটি পদের বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই পদ বানাতে মি কোনও উপকরণ বা খুব বেশি মশলার প্রয়োজন নেই। সেদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা আর সামান্য কিছু মশলা দিয়েই তৈরি করা যায় মুচমুচে ও সুস্বাদু আলুর ভাজা। কীভাবে বানাবেন এই সহজ রেসিপি? জেনে নিন পদ্ধতি।
কী কী উপকরণ লাগবে?
৩-৪টি মাঝারি আকারের আলু
একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি
২-৩টি কাঁচালঙ্কা কুচি
আধ চা-চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন
সামান্য লাল লঙ্কার গুঁড়ো
ভাজার জন্য সরষের তেল
স্বাদ বাড়াতে সামান্য ধনেপাতা কুচি
কীভাবে তৈরি করবেন?
প্রথমে আলুগুলি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। ভাতেও সেদ্ধ করতে পারেন। আলু যেন পুরোপুরি নরম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে ভালো করে মেখে নিন। এবার মাখা আলুর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। সব উপকরণ ভালো করে মেখে নিন, যাতে আলুর সঙ্গে মশলাগুলি সমানভাবে মিশে যায়। চাইলে সামান্য ধনেপাতা কুচিও দিতে পারেন।
এরপর কড়াইতে রষের তেল গরম করে নিন। তেল গরম হলে আলু মাখা একবারে কড়াইয়ে ছেড়ে দিন। মাঝারি আঁচে দুই দিক ভালো করে ভেজে নিন। বাইরে সোনালি ও মুচমুচে হয়ে এলে তুলে নিন। এটি খেতে দুর্দান্ত রকম স্বাদ হয়।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন
তৈরি হয়ে গেল মুচমুচে ও সুস্বাদু আলুর ভাজা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই পদ। সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ বা কাঁচালঙ্কা থাকলে স্বাদ আরও বেড়ে যায়। অল্প উপকরণে, কম সময়ে তৈরি এই রেসিপি ব্যস্ত দিনের দুপুর কিংবা রাতের খাবারের জন্য বেশ উপযোগী।