
জিলিপির নাম শুনলেই অনেকের মুখেই জল চলে আসে। মুচমুচে এই মিষ্টি খাবারটি বহু মানুষেরই অত্যন্ত পছন্দের। সকলেই কম বেশি ময়দার তৈরি জিলিপি খেয়েছেন। কিন্তু কখনও পনির জিলাপি চেখে দেখার সৌভাগ্য হয়েছে?
আসলে উত্তর ভারতের অনেক এলাকায় পনির জিলাপি একটি জনপ্রিয় খাবার। সহজেই বাড়িতে পনিরের জিলিপি তৈরি করা যেতে পারে। জেনে নেওয়া যাক, বাড়িতে কীভাবে পনির জিলিপি তৈরি করবেন এবং এর জন্য কী কী উপকরণ প্রয়োজন।
উপকরণ সামগ্রী
১ কাপ পনির,
২০০ গ্রাম ময়দা,
৫০ গ্রাম সুজি,
১০০ গ্রাম খোয়া,
৫ গ্রাম সবুজ এলাচ,
১ লিটার চিনির সিরা,
ভাজার জন্য ঘি বা তেল,
সাজানোর জন্য মিশ্র বাদাম
পনির জিলিপি কীভাবে বানাবেন?
প্রথমে একটি বড় পাত্রে ছানা, ময়দা, সুজি, খোয়াক্ষীর এবং সবুজ এলাচ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো অল্প জল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব পাতলা বা খুব ঘন না হয়।
এরপর, ব্যাটারটি মসৃণ ও দলাবিহীন করার জন্য কয়েক মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার, জিলাপিগুলো ভাজার জন্য একটি প্যানে ঘি বা তেল গরম করুন। তৈরি করা ব্যাটারটি একটি সসের বোতল বা জিলাপি মেকারে ঢেলে নিন। গরম তেল বা ঘিতে জিলিপিগুলো গোল করে সাজিয়ে দিন এবং দুই পাশ মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন।
এরপর প্যান থেকে জিলিপিগুলো তুলে সরাসরি গরম চিনির সিরাতে রাখুন। ভালোভাবে মিষ্টি হওয়ার জন্য কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। শেষে পনির জিলিপিগুলো একটি প্লেটে তুলে, কুচানো বাদাম দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। একবার খেলে স্বাদ লেগে থাকবে মুখে।