
আগে নারকেলের সন্দেশ তৈরি হত বাড়িতে। হত নাড়ুও। কিন্তু যুগ বদলেছে। এখন আর সন্দেশ, নাড়ু বাড়িতে হয় না। বাজারেই কিনতে পাওয়া যায়। বাড়িতে তৈরি হওয়া মিষ্টির পদ বলতে এখন পায়েস। উৎসব, পুজোপার্বণ বা বিশেষ কোনও অনুষ্ঠানে বেশিরভাগ বাড়িতেই পায়েস তৈরি করা হয়। চাল, দুধ, চিনি ও এলাচ দিয়ে তৈরি এই মিষ্টি পদের স্বাদ তখনই জমে, যখন ঘন হয়। পায়েস না হবে খুব পাতলা, না আবার ঘন। অনেক সময় দুধের পরিমাণ বেশি হয়ে গেলে, দীর্ঘক্ষণ ফোটালে বা ফ্রিজে রাখার কারণে পায়েস ঘন থাকে না।
পায়েস কখনও বেশি পাতলা বা ঠান্ডা হওয়ার পর অতিরিক্ত ঘন হয়ে পড়লে কী করা উচিত, এটা অনেকেই জানেন না। কয়েকটি সহজ রান্নাঘরের কৌশল কাজে লাগিয়েই পায়েসের ঘনত্ব ঠিক রাখতে পারেন। তবে পায়েসের স্বাদ ও ঘনভাব বজায় রাখতে দুধ, চাল এবং রান্নার সময়ের মধ্যে সঠিক ভারসাম্য। তাড়াহুড়ো করে বেশি গুঁড়ো দুধ বা অন্য কোনও উপাদান মিশিয়ে ফেলবেন না। জেনে নিন, পাতলা বা অতিরিক্ত ঘন পায়েস ঠিক করার কয়েকটি সহজ উপায়।
খুব পাতলা হলে যা করবেন
পায়েসে দুধের পরিমাণ বেশি হয়ে গিয়েছে। অথচ চাল সেদ্ধ হয়নি। এমনটা হলে আরও কিছুক্ষণ কম আঁচে ফুটিয়ে নিন। এই সময় পাত্রের ঢাকা খুলে রাখুন, যাতে অতিরিক্ত জল বাষ্প হয়ে বেরিয়ে যেতে পারে। মাঝে মাঝে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, পাত্রের তলায় পায়েস লেগে না যায়। দুধের পরিমাণ কমতে থাকলে ধীরে ধীরে ঘন হয়ে আসবে পায়েস। তবে বেশি আঁচে ফোটাবেন না। তাতে দুধ পুড়ে যেতে পারে।
দ্রুত ঘন করতে যা করবেন
পায়েসের চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, অথচ তা এখনও পাতলা সেক্ষেত্রে চামচের সাহায্যে পাত্রের গায়ে কয়েকটি চালের দানা চেপে চটকে দিন। এতে চালের স্টার্চ দুধের সঙ্গে মিশে যাবে এবং ঘনত্ব বাড়বে। পাশাপাশি পায়েস হবে ক্রিমের মতো। এরপর কম আঁচে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিন।
চালের গুঁড়ো ব্যবহার
পায়েস খুব বেশি পাতলা হয়ে গেলে এবং দ্রুত ঘন করার প্রয়োজন হলে সামান্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এক চা চামচ চালের গুঁড়ো অল্প ঠান্ডা দুধে ভাল করে গুলে নিন। খেয়াল রাখবেন, যাতে কোনও দলা না থাকে। এবার ওই মিশ্রণ অল্প অল্প করে পায়েসের মধ্যে ঢালুন। এক টানা নাড়তে থাকুন। কয়েক মিনিট কম আঁচে ফুটিয়ে নিলেই ঘন হয়ে আসবে পায়েস। তবে সরাসরি গরম পায়েসে চালের গুঁড়ো দেবেন না। তাতে দলা পাকিয়ে যেতে পারে। আর বেশি পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন না। এতে পায়েস ভাল খেতে লাগবে না।
অতিরিক্ত ঘন হলে যা করবেন
রান্নার সময় পায়েস অতিরিক্ত ঘন হয়ে গেলে তাতে অল্প অল্প করে গরম দুধ মেশান। প্রতিবার দুধ দেওয়ার পর ভাল করে নাড়তে থাকুন। প্রয়োজন হলে কম আঁচে আরও এক-দু'মিনিট গরম করে নিন। একসঙ্গে অনেকটা দুধ মিশিয়ে দেবেন না। তাতে পায়েস আবার অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ মেশান। ঘন হয়ে এলে থেমে যান।
ফ্রিজে রাখার পর বেশি ঘন হলে যা করবেন
ঠান্ডা হওয়ার পর পায়েসের ঘনত্ব বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক। ফ্রিজে রাখার পরও চাল দুধ শুষে নিতে থাকে। ফলে পায়েস আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে যায়। তাতে অল্প দুধ মিশিয়ে ভাল করে নাড়িয়ে নিন। কম আঁচে হালকা গরম করে নিন।