
দুপুরের খাবারে রোজ রোজ সেই ঝিঙে, ঢ্যাঁড়শ বা লাউ খেয়ে প্রত্যেকেই বিরক্ত হয়ে যান। বিশেষ করে বাড়ির খুদেরা তো সবুজ আনাজপাতি দেখলেই মুখ বেঁকায়। আজকের লাঞ্চে যদি এমন কোনও চমক রাখতে চান, যা দেখতে একেবারে শাহি পদের মতো হবে এবং স্বাদ হবে মালাই কোফতার মতোই লোভনীয়, তবে কাঁচকলার কোফতা হতে পারে আপনার সেরা পছন্দ। তার মধ্যে যদি থাকে কোনও অনুষ্ঠান। সেক্ষেত্রেও এটা হতে মেনুর একটা অংশ।
কাঁচকলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আর এর কোফতা এত নরম ও রসাল হয় যে, মুখে দিলেই মিলিয়ে যায়। টম্যাটো, পেঁয়াজ এবং কাজু-মশলার ঘন, রেশমি গ্রেভিতে এই কোফতা রান্না করা হলে, এর অনবদ্য স্বাদ কড়াই পনির বা যে কোনও আমিষ পদকেও অনায়াসে হার মানাবে। বাড়িতে নিখুঁত ও নরম কাঁচকলার কোফতা বানানোর সবচেয়ে সহজ পদ্ধতিটি জেনে নিন।
উপকরণ
কাঁচকলা: ৪টি (সেদ্ধ করা)
সেদ্ধ আলু: ১টি (বাইন্ডিংয়ের জন্য)
বেসন: ২-৩ টেবিল চামচ (হালকা ভেজে নেওয়া)
গ্রেভির জন্য: ২টি বড় পেঁয়াজ (বাটা), ৩টি টম্যাটো (পিউরি), ১ চামচ আদা-রসুন বাটা, ৬-৭টি কাজুবাদাম (জলে ভেজানো)।
গোটা মশলা: ১টি তেজপাতা, ১টি বড় এলাচ, ২টি লবঙ্গ, ১ ছোট টুকরো দারচিনি।
গুঁড়ো মশলা: ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা, ১/২ চামচ কসুরি মেথি।
তেল: কোফতা ভাজার জন্য ও রান্নার জন্য।
নুন এবং ফ্রেশ মালাই: স্বাদমতো ও গার্নিশিংয়ের জন্য।
প্রণালী
১. মিশ্রণ তৈরি: প্রথমে সেদ্ধ করা কাঁচকলার খোসা ছাড়িয়ে একটি পাত্রে খুব ভাল করে মেখে নিন। এবার এর মধ্যে একটি সেদ্ধ আলু গ্রেট করে দিন। এরপর তাতে ভাজা বেসন, মিহি করে কুচোনো কাঁচালঙ্কা, সামান্য ধনে পাতা কুচি, স্বাদমতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো এবং হলুদ মিশিয়ে জল ছাড়াই একটি ঘন মিশ্রণ বা ডো তৈরি করে নিন।
২. কোফতা ভাজা: হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে এই মিশ্রণ থেকে ছোট ছোট গোল বলের মতো কোফতা তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কোফতাগুলো দু'দিক উল্টেপাল্টে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপর তুলে রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।
৩. মশলা কষানো: এবার অন্য একটি কড়াইতে ২ চামচ তেল গরম করুন। তেলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং বড় এলাচ ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে সোনালি হওয়া পর্যন্ত কষাতে থাকুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে আরও ১ মিনিট কষিয়ে নিন।
৪. গ্রেভি তৈরি: এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিন। মশলা একটু নাড়াচাড়া করেই টম্যাটো পিউরি এবং কাজুবাদাম বাটা (কাজু সামান্য জল দিয়ে বেটে নেবেন) দিয়ে দিন। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকুন, যতক্ষণ না ধার থেকে তেল ছাড়তে শুরু করে।
৫. ফোটানো: মশলা ভালভাবে কষানো হয়ে গেলে প্রয়োজনমতো (প্রায় ১ থেকে দেড় কাপ) ইষদুষ্ণ গরম জল দিন। কড়াই ঢাকা দিয়ে গ্রেভিটা ৫ মিনিটের জন্য অল্প আঁচে ফুটতে দিন। সবশেষে উপর থেকে গরম মশলা এবং হাতের তালুতে ঘষে নেওয়া কসুরি মেথি ছড়িয়ে দিন।
জরুরি টিপস: মনে রাখবেন, ফুটন্ত গ্রেভিতে সরাসরি কোফতাগুলো কখনওই দেবেন না, এতে নরম কোফতা ভেঙে যেতে পারে। পরিবেশনের সময় একটি সার্ভিং বাউলে আগে কোফতাগুলি সাজিয়ে রাখুন, তারপর তার উপর থেকে গরম ও ঘন গ্রেভি ঢেলে দিন।
উপর থেকে ফ্রেশ মালাই এবং ধনে পাতা কুচি ছড়িয়ে সাজিয়ে নিন। দুপুরে তন্দুরি রুটি, লচ্ছা পরোটা বা জিরা রাইসের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা কাঁচকলার কোফতা।