
Katla Macher Tel Jhal Recipe: বাঙালির দুপুরের পাতে মাছ না থাকলে খাওয়াদাওয়া ঠিক জমে না। আর রুই-কাতলা থাকলে তো কথাই নেই! কিন্তু রোজ এক ধরনের ঝোল খেতে কারই বা ভাল লাগে? স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কাতলা মাছের তেল-ঝাল। সর্ষের তেল আর মশলার ঝাঁজই আলাদা। রান্নার জন্য খুব বেশি উপকরণও লাগবে না। রইল সহজ রেসিপি।
কাতলা মাছের তেল-ঝাল বানাতে কী কী লাগবে?
৩-৪ জনের জন্য
কাতলা মাছের টুকরো: ৫টি
সর্ষের তেল: ৫-৬ টেবিল চামচ
পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
আদাবাটা: ১ চা চামচ
হলুদগুঁড়ো: ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ
জিরেগুঁড়ো: ১ চা চামচ
কাঁচালঙ্কা: ৩-৪টি
নুন: স্বাদমতো
চিনি: আধ চা চামচ
জল: প্রয়োজনমতো
কীভাবে বানাবেন?
ফার্স্ট স্টেপ: মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তার পর নুন ও সামান্য হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলি দু’পিঠ লালচে করে ভেজে তুলে রাখুন।
কষাকষি শুরু: ওই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে কষতে শুরু করুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা ও রসুন বাটা দিন। এ বার হলুদ, লঙ্কা ও জিরেগুঁড়ো সামান্য জলে গুলে কড়াইয়ে ঢেলে দিন। মশলা ভাল করে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মশলা তৈরি।
জল দিনে অল্প: এ বার প্রয়োজনমতো গরম জল, নুন ও সামান্য চিনি দিন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছের টুকরোগুলি কড়াইয়ে ছেড়ে দিন। সঙ্গে চেরা কাঁচালঙ্কা দিন। ঢাকা দিয়ে কম আঁচে ৭-৮ মিনিট রান্না করুন।
এই স্টেপটাও ইম্পর্ট্যান্ট: ঝোল ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখুন, যাতে মশলার গন্ধ মাছের ভিতরে ঢুকে যায়। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের তেল-ঝাল।