
চিলি চিকেনের নাম শুনলেই জিভে জল আসে অনেকের। বিশেষ করে কলকাতার চিনা খাবারের দোকানের চিলি চিকেনের স্বাদই আলাদা। মুচমুচে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর ঘন ঝাল-মিষ্টি সসের মিশেল; এই পদ জমিয়ে দেয় সন্ধ্যার আড্ডা। কিন্তু বাড়িতে বানাতে গেলে অনেকেই ঠিক রেস্তরাঁর মতো স্বাদ পান না। আসলে শুধু চিকেন ভাজলেই হবে না। সসের সঠিক মিশ্রণই এই পদের আসল রহস্য।
কলকাতা স্টাইল চিলি চিকেনের স্বাদ আনতে কয়েকটি সস গুরুত্বপূর্ণ। প্রথমেই লাগবে সয়া সস। এটি খাবারে নোনতা স্বাদ ও গাঢ় রং আনে। দ্বিতীয় উপকরণ চিলি সস। ঝালের মাত্রা ঠিক করতে এটি ব্যবহার করা হয়। টম্যাটো সস যোগ করলে স্বাদে হালকা মিষ্টি ভাব আসে। অনেক দোকানে রেড চিলি সসের সঙ্গে টম্যাটো সস মিশিয়ে ঝাল-মিষ্টি স্বাদ তৈরি করা হয়।
এ ছাড়াও লাগতে পারে ভিনিগার। এটি খাবারে হালকা টক ভাব আনে। চাইলে সামান্য গ্রিন চিলি সসও দেওয়া যায়। তবে বেশি দিলে মূল স্বাদ বদলে যেতে পারে। কলকাতার অনেক রেস্তরাঁয় সসের সঙ্গে গোলমরিচ গুঁড়ো, কাঁচালঙ্কা এবং রসুনের ব্যবহারও দেখা যায়।
কীভাবে বানাবেন?
প্রথমে মুরগির মাংস ছোট টুকরো করে নিন। তাতে আদা-রসুন বাটা, গোলমরিচ, নুন, সয়া সস, ডিম এবং কর্নফ্লাওয়ার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তার পর গরম তেলে চিকেনের টুকরোগুলি সোনালি করে ভেজে তুলুন।
অন্য কড়াইয়ে তেল গরম করে রসুন, কাঁচালঙ্কা, পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজুন। এ বার একে একে সয়া সস, রেড চিলি সস, টম্যাটো সস এবং সামান্য ভিনিগার দিন। ঝাল বেশি পছন্দ হলে চিলি সসের পরিমাণ বাড়াতে পারেন। অল্প জল মিশিয়ে ফুটিয়ে নিন। শেষে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে গ্রেভি ঘন করুন।
এ বার ভাজা চিকেন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। দু’-তিন মিনিট রান্না করলেই তৈরি কলকাতা স্টাইল চিলি চিকেন। মনে রাখবেন, সসের পরিমাণে ভারসাম্য রাখাই আসল কৌশল। তাহলেই বাড়ির রান্নাতেও মিলবে রেস্তরাঁর মতো স্বাদ।