
জলখাবারে মুড়ি ছাড়া অনেকেরই চলে না। সহজে পেটও ভরে। ভেলপুরি, চানাচুর, চাট থেকে শুরু করে নানা ধরনের মুখরোচক জলখাবার তৈরিতেও লাগে মুড়ি। ইচ্ছে হলে মশলা ও ঝালঝাল চানাচুর বানিয়ে নিতে পারেন। আবার গুড় বা চিনি দিয়েও খাওয়া যায়। বাইরের মুড়িতে নানা ধরনের রাসায়নিক থাকে বলে অনেকের দাবি। তাই সে সব ঝঞ্ঝাটে না গিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মুড়ি।
সাধারণত বাজারের মুড়িই কিনে খায় বাঙালি। তাই বাড়িতে মুড়ি বানানোর কথাই নেই। তবে চাইলে খুব সহজেই বাড়িতেও তৈরি করতে পারেন মুচমুচে মুড়ি। এর জন্য প্রয়োজন দরকার চাল, নুন এবং জল। কীভাবে বাড়িতেই তৈরি করবেন মুড়ি? রইল সহজ পদ্ধতি।
চাল থেকে কীভাবে বানাবেন মুড়ি?
প্রথমে প্রায় ২ কাপ চাল নিন। এক্ষেত্রে আতপ চালের বদলে মোটা দানার সেদ্ধ চাল ব্যবহার করাই ভাল। গরম জলে সামান্য নুন দিয়ে চাল অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। চাল ফুলে উঠবে।
এরপর চাল ছাঁকনিতে ঢেলে জল সম্পূর্ণ ঝরিয়ে নিন। একটি পরিষ্কার সুতির কাপড় বা বড় থালায় চাল ছড়িয়ে রোদে শুকিয়ে নিন। চাল একেবারে শুকনো হওয়া জরুরি। চালের মধ্যে সামান্য আর্দ্রতা থেকে গেলেও মুড়ি ঠিকমতো ফুলবে না।
এবার গ্যাসে একটি ভারী কড়াই বা প্যান বসিয়ে গরম করুন। প্রায় এক বাটি সাদা নুন দিয়ে গরম করতে থাকুন। মাঝে মাঝে নুন নাড়তে থাকুন, যাতে সবটা সমান ভাবে গরম হয়।
নুন গরম হয়ে গেলে তাতে শুকনো চাল দিয়ে দিন। আঁচ বাড়িয়ে একটানা চাল নাড়তে থাকুন। কিছুক্ষণের মধ্যেই চালের দানা ফুলতে শুরু করবে। মুড়ি তৈরি।
বেশিরভাগ চাল ফুলে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার চাল ও গরম নুনের মিশ্রণটি একটি বড় ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিন। মুড়ি থেকে অতিরিক্ত নুন আলাদা হয়ে যাবে। তৈরি বাড়িতে বানানো মুচমুচে মুড়ি।
আরও একটি পদ্ধতিতেও বানাতে পারেন মুড়ি
মুড়ি তৈরির আরও একটি পদ্ধতি রয়েছে। প্রথমে চাল ভালভাবে সেদ্ধ করে নিন। তারপর সেদ্ধ চাল সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো চাল দিয়ে দিন। প্রায় এক মিনিট নাড়তে নাড়তে ভাজুন। দেখবেন, চাল ফুলে মুড়ির মতো হয়ে গিয়েছে। বাড়িতে মুড়ি তৈরির জন্য মোটা দানার সেদ্ধ চাল ব্যবহার করাই শ্রেয়।