
শীতকালে বাজারে টাটকা কড়াইশুঁটি মেলে। এই মরসুমে কড়াইশুঁটির তরকারি, পোলাও, পরোটা থেকে টিক্কি, কত রকম পদই না তৈরি হয়। তবে এবার একটু অন্য স্বাদের কিছু খেতে চাইলে বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কচুরি। ভিতরে মশলাদার আলু ও কড়াইশুঁটির পুর, বাইরে মুচমুচে, খেতে দারুণ লাগে এই পদ। সকালের জলখাবার হোক বা দুপুরের খাবার, দুটোই জমে যাবে। এই পুরভরা কড়াইশুঁটির কচুরি আপনার মন জয় করবেই।
কড়াইশুঁটির কচুরি তৈরি করতে যা যা লাগবে
কড়াইশুঁটি: ১ কাপ
কাঁচালঙ্কা: ৩-৪টি
আদা: ছোট এক টুকরো
রসুন: সামান্য
গোটা জিরে: ১ চামচ
হিং: এক চিমটি
সেদ্ধ আলু: ১টি
নুন: স্বাদমতো
হলুদ গুঁড়ো: ১ চামচ
লঙ্কাগুঁড়ো: স্বাদমতো
ধনে গুঁড়ো: আধ চামচ
গরম মশলা: আধ চামচ
আমচুর গুঁড়ো: আধ চামচ
ময়দা: ১ কাপ
মিহি সুজি: আধ কাপ
নুন: স্বাদমতো
তেল: ২ টেবিল চামচ
ভাজার জন্য পরিমাণমতো তেল
ধাপে ধাপে রেসিপি
প্রথমে কড়াইশুঁটির পেস্ট: প্রথমে একটি মিক্সার জারে টাটকা কড়াইশুঁটির দানা, কাঁচালঙ্কা, সামান্য আদা, রসুন এবং অল্প জল দিয়ে ভাল করে বেটে নিন। মিহি পেস্ট তৈরি করে রাখুন। কচি রসুনপাতার বদলে সাধারণ রসুনও ব্যবহার করতে পারেন। কাঁচালঙ্কার পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কম-বেশি করে নিতে পারেন।
কচুরির জন্য মশলাদার পুর: এবার একটি প্যানে সামান্য তেল গরম করুন। তাতে গোটা জিরে ও এক চিমটি হিং দিয়ে ফোড়ন দিন। এরপর কড়াইশুঁটির তৈরি পেস্টটি দিয়ে দিন। সঙ্গে একটি সেদ্ধ আলু ভাল করে চটকে মিশিয়ে নিন। এবার স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, গরমমশলা এবং আমচুর গুঁড়ো দিয়ে সব কিছু ভাল করে মিশিয়ে নিন। ২-৩ মিনিট নাড়ান। তৈরি হয়ে যাবে কড়াইশুঁটির মশলাদার ও টক-ঝাল পুর।
কচুরির ময়দা মাখা: একটি বড় পাত্রে ময়দা নিন। তাতে মিহি সুজি, স্বাদমতো নুন এবং দু'টেবিল চামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল দিয়ে মাঝারি নরম ময়দা মাখা তৈরি করে নিন। ময়দা খেতে পছন্দ না করলে তার বদলে আটা ব্যবহার করতে পারেন। বাড়িতে মিহি সুজি না থাকলে সাধারণ সুজি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন।
পুর ভরা: মাখা ময়দা বা আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচির মাঝখানে আঙুল দিয়ে একটু জায়গা করে কড়াইশুঁটির মশলাদার পুর ভরে দিন। চারদিক থেকে টেনে মুখ ভাল করে বন্ধ করে দিন। এরপর বেলন দিয়ে আলতো হাতে ছোট ছোট কচুরি বেলে নিন। খেয়াল রাখবেন, বেলার সময় পুর যেন বাইরে বেরিয়ে না আসে।
তেলে ভেজে নিন: এবার কড়াইয়ে তেল গরম করুন। তেল মাঝারি গরম হলে তার মধ্যে একটি একটি করে কচুরি ছেড়ে দিন। আঁচ কম থেকে মাঝারি রাখুন, যাতে পুড়ে না যায়। দু'পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
গরম গরম কড়াইশুঁটির কচুরি পরিবেশন করুন আলুর তরকারির সঙ্গে। শীতকালের পেটপুজো জমে যাবে।