
সপ্তাহান্তের সকালে গরম গরম পরোটা হলেই ব্রেকফাস্ট জমে যায়। কিন্তু আলু, ফুলকপি, পেঁয়াজ বা মেথির পরোটা বেশ কমন। তাই এবার একটু অন্যরকম কিছু বানিয়ে দেখুন। তৈরি করতে পারেন চটপটা লেবু পরোটা। নাম শুনে ভাববেন না, এটি খুব টক হবে। লেবুর রস, আলু, কাঁচালঙ্কা এবং ভাজা মশলার মিশেলে এই পরোটা হয় ঝাল-মশলাদার ও সুস্বাদু। চাঁদনি চক স্টাইলের এই পদটি বাড়িতেও সহজে বানানো যায়।
উপকরণ
২ কাপ গমের আটা, ১ চা চামচ ঘি বা তেল, আধ চা চামচ জোয়ান, নুন, প্রয়োজনমতো হালকা গরম জল, ১-২ চা চামচ লেবুর রস, ১ কাপ সেদ্ধ ও মাখা আলু, ২টি কাঁচালঙ্কা, ১ টেবিল চামচ ধনেপাতা, আধ চা চামচ আদা কুচি, আধ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আধ চা চামচ চাট মশলা, আধ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চিমটি কালো নুন। পরোটা সেঁকার জন্য ঘি বা মাখন নিন।
কীভাবে বানাবেন
প্রথমে আটার সঙ্গে জোয়ান, ঘি এবং নুন মেশান। হালকা গরম জল দিয়ে নরম করে মেখে নিন। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
এ বার একটি পাত্রে মাখা আলু, কাঁচালঙ্কা, লেবুর রস, আদা, ধনেপাতা এবং সব মশলা দিন। ভাল করে মিশিয়ে পুর তৈরি করুন।
আটার লেচি কেটে সামান্য বেলে মাঝখানে পুর দিন। চার দিক বন্ধ করে ফের গোল করে বেলে নিন।
গরম তাওয়ায় পরোটা দিন। দু’দিক ভাল করে সেঁকে ঘি বা মাখন লাগান। হালকা চাপ দিয়ে সোনালি ও মুচমুচে করে নিন।
গরম গরম লেবু পরোটা দই, মাখন বা চায়ের সঙ্গে পরিবেশন করুন।